আফগানিস্তানে নেটো বহরে আত্মঘাতী হামলা
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারের বিমানবন্দরের নিকটে নেটো বহরে আত্মঘাতী হামলা চালিয়েছে এক বোমারু।
বুধবার ওই আত্মঘাতী বিস্ফোরক ভর্তি একটি গাড়ি নিয়ে নেটো বহরে বিস্ফোরণ ঘটালে হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছেন কর্মকর্তারা, খবর বার্তা সংস্থা রয়টার্স ও অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যমের।
কান্দাহার পুলিশের মুখপাত্র জিয়া দুরারানি বলেছেন, “দুপুরের দিকে কান্দাহারের দামান এলাকায় বিদেশি বাহিনীগুলোর বহর লক্ষ্য করে একটি গাড়ি বোমা হামলা চালানো হয়।”
তবে আফগানিস্তানে মোতায়েন নেটো নেতৃত্বাধীন আন্তর্জাতিক সামরিক জোট বাহিনীর এক মুখপাত্র তাৎক্ষণিকভাবে এ খবর নিশ্চিত করতে পারেননি বলে জানিয়েছে রয়টার্স। তবে অন্যান্য গণমাধ্যম নেটো হামলা ও হতাহতের কথা নিশ্চিত করেছে বলে জানিয়েছে।
কান্দাহারের বিমানবন্দরে আন্তর্জাতিক বাহিনীর একটি বড় সামরিক ঘাঁটি আছে।
