ইরান বিষয়ে ট্রাম্পের সঙ্গে মতভিন্নতা আছে আমার: টিলারসন
তেহরানের পরমাণু কর্মসূচি সীমিত করতে দুই বছর আগে স্বাক্ষরিত ছয়জাতি চুক্তি নিয়ে প্রেসিডেন্টের সঙ্গে মতভিন্নতা থাকার কথা স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন।
মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে টিলারসন নিজেই এ মতভিন্নতা থাকার কথা জানান বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের।
টিলারসন জানিয়েছেন, আন্তর্জাতিক চুক্তি ব্যবহার করে কীভাবে যুক্তরাষ্ট্র প্রশাসনের নীতি বাস্তবায়ন করা যায় তা নিয়েও ট্রাম্পের সঙ্গে আলোচনা করছেন তিনি।
২০১৫ সালে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির মধ্যে জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (জিসিপিওএ) নামের চুক্তিটি হয়।
নির্বাচনী প্রচারে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প ওবামা সরকারের করা এই চুক্তিকে ‘নিকৃষ্ট’ অ্যাখ্যা দিয়ে ক্ষমতায় গেলে চুক্তি থেকে দেশকে সরিয়ে নেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেন।
কিন্তু প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার ছয় মাস পরও চুক্তি থেকে সরে আসার ঘোষণা দেননি তিনি; বলেছেন, টিলারসনের পরামর্শেই ওই প্রতিশ্রুতি বাস্তবায়ন করছেন না তিনি।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে টিলারসন বলেন, “জিসিপিওএ-র মতো কয়েকটি বিষয়ে এবং আমরা কীভাবে সেগুলো ব্যবহার করব তা নিয়ে তার (ট্রাম্প) ও আমার মধ্যে মতভিন্নতা আছে।”
টিলারসন জানান, ওয়াশিংটন চাইলে ইরান চুক্তি ‘ছিঁড়ে ফেলে চলে আসতে পারে’ অথবা চুক্তিতে থেকে চুক্তির শর্তানুযায়ী ইরানকে জবাবদিহিতায় রাখতে পারে। ইরানকে ‘ভাল প্রতিবেশীর’ মতো আচরণ করাতে এটিই করা দরকার বলে মনে করেন বলে জানিয়েছেন তিনি।
সমালোচকরা বলছেন, ইরাক-সিরিয়ায় বিদেশি যোদ্ধাদের অবস্থানের বিষয়ে ইরানের সমর্থন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অস্ত্র সরবরাহ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণে জিসিপিওএ চুক্তির কার্যকারিতা অনেকখানি কমে গেছে।
এ বিষয়ে টিলারসন জানান, ইউরোপীয় মিত্ররা ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপে অনিচ্ছুক, আর যুক্তরাষ্ট্রের একার পক্ষে ইরানের ওপর বেশি চাপ সৃষ্টি করাও সম্ভব নয়।
“সবচেয়ে বেশি যা করা যায় তা হল, সম্মিলিত চাপের মাধ্যমে ইরানের আচরণ বদলানো,” বলেন তিনি।
রয়টার্স জানিয়েছে, টিলারসনের এসব বক্তব্যের বিষয়ে মন্তব্যের জন্য অনুরোধ করা হলেও তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি হোয়াইট হাউস।
গত মাসে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন; একে চুক্তির বরখেলাপ দাবি করে এ নিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কাছে অভিযোগ জানিয়েছে তেহরান।
এ বিষয়ে ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, তেহরান যে চুক্তি অনুযায়ী কাজ করছে না তা অক্টোবরের মধ্যেই স্পষ্ট হবে, সে কারণে আগেই ব্যবস্থা নিয়েছেন তিনি।
