ছেলের বিবৃতি দেখে দিয়েছিলেন ট্রাম্প: হোয়াইট হাউস
গত বছর রাশিয়ার এক আইনজীবীর সঙ্গে বৈঠকের বিষয়ে পুত্রের খসড়া বিবৃতি তৈরিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহায়তা করেছিলেন বলে প্রকাশিত প্রতিবেদনগুলোর সত্যতা নিশ্চিত করেছে হোয়াইট হাউস।
গত মাসে গণমাধ্যমের খবরের প্রতিক্রিয়া জানাতে ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র যে খসড়া বিবৃতি তৈরি করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প তা দেখে দিয়েছিলেন বলে জানিয়েছে হোয়াইট হাউস, তবে তা তার ‘নির্দেশিত’ ছিল না বলে দাবি করেছে।
মঙ্গলবার এক সংবাদ ব্রিফিংয়ে হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ হাকেবি এসব কথা জানিয়েছেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
“স্বল্প তথ্য জেনে কোনো বাবা যেভাবে সাহায্য করেন তিনিও (ট্রাম্প) সেভাবেই করেছিলেন,” বলেন হাকেবি। ছেলের বিবৃতিটি ট্রাম্পের ‘নির্দেশিত ছিল না’ এবং বিষয়টি ‘কোনো গুরুত্ব বহন করে না’ বলেও দাবি করেছেন তিনি।
“ডেমোক্রেটরা ধারাবাহিকভাবে বিষয়টিকে তাদের রাজনৈতিক চালবাজিতে ব্যবহার করছে। এই গল্প যেন চালু থাকে এবং প্রতিদিন পত্রিকার পাতায় আসে এজন্য এসব করছে তারা,” বলেন হোয়াইট হাউসের মুখপাত্র।
ট্রাম্প জুনিয়রের বিবৃতিতে কোনো ধরনের ভুল ছিল না বলেও হাকেবি দাবি করেছেন।
তবে বিষয়টি নিয়ে বারবার অবস্থান বদলেছে ট্রাম্প শিবির। ১৬ জুলাই প্রেসিডেন্টের আইনজীবি জানিয়েছিলেন, বড় ছেলের বিবৃতিতে ‘কোনোভাবেই সম্পৃক্ত ছিলেন না’ ট্রাম্প।
কিন্তু পক্ষ ঘুরতেই উলটে গেলো সে ভাষা; বিবৃতির খসড়ায় বাবা হিসেবে ট্রাম্প সাহায্য করেছিলেন বলে এবার জানালো হোয়াইট হাউজ ।
গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারে রাশিয়ান আইনজীবী নাতালিয়া ভেসেলিনৎস্কায়ার সঙ্গে ট্রাম্প জুনিয়র ওই বৈঠক করেন।
এ বিষয়ে গত মাসে এক বিবৃতি দেন প্রেসিডেন্ট ট্রাম্পের বড় ছেলে ৩৯ বছর বয়সী ট্রাম্প জুনিয়র।
সোমবার রাতে এক প্রতিবেদনে ওয়াশিংটন পোস্ট জানিয়েছিল, প্রেসিডেন্ট ট্রাম্প ব্যক্তিগতভাবে নির্দেশনা দিয়ে রুশ আইনজীবীর সঙ্গে ছেলের বৈঠকের বিষয়ে প্রকাশ করা ওই বিবৃতিটি তৈরি করে দিয়েছিলেন।
জার্মানিতে শিল্পোন্নত আট দেশের জি-৮ সম্মেলন শেষে এয়ার ফোর্স ওয়ানে বাড়ি ফিরে ছেলেকে ‘কি বলতে হবে তা শেখান’ বলে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে।
পুরো ঘটনা খুলে বলার চিন্তাই প্রথমে ট্রাম্প জুনিয়র করেছিলেন বলেও তাদের প্রতিবেদনে দাবি করা হয়; পরে তা বদলে যায়।
ট্রাম্পের আইনজীবি প্রতিবেদনের বক্তব্য অস্বীকার করে বলেছেন, ছেলের বিবৃতিতে হস্তক্ষেপ করেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। ওই বিবৃতি তৈরিতে ট্রাম্প কোনো কিছু যোগ করেছেন, এমন অভিযোগও অস্বীকার করেছেন তিনি।
চলতি বছরের মার্চে ট্রাম্প জুনিয়র প্রথম বলেছিলেন, নির্বাচনী প্রচারের প্রতিনিধি হিসেবে রাশিয়ার সঙ্গে তার কোনো বৈঠক হয়নি।
কিন্তু গণমাধ্যমে নাতালিয়ার সঙ্গে বৈঠকের খবর প্রকাশের পর ৮ জুলাই দেওয়া প্রতিক্রিয়ায় ট্রাম্পপুত্র বলেছিলেন, “বৈঠকটি ছিল অল্প সময়ের এবং আমরা দত্তক বিষয়ে কথা বলেছি, নির্বাচনী প্রচার নিয়ে নয়।”
পরে তিনি হিলারি সম্বন্ধে ‘বিধ্বংসী তথ্য’ পাওয়ার আগ্রহেই ওই বৈঠকে অংশ নেওয়ার কথা বলেন। এ বিষয়ক বেশ কয়েকটি ইমেইলও প্রকাশ করেন ট্রাম্পপুত্র।
যদিও বৈঠকে নির্বাচনী প্রচার কিংবা হিলারি সংক্রান্ত বিষয় নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও দাবি করেন তিনি।
গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ এবং রিপাবলিকান শিবিরের সঙ্গে মস্কোর যোগসাজশ নিয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেস এবং বিচার বিভাগে তদন্ত চলছে।
ট্রাম্প শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছেন; যুক্তরাষ্ট্রের নির্বাচনে তাদের পক্ষ থেকে কোনো ধরনের হস্তক্ষেপ করা হয়নি বলে দাবি করছে ক্রেমলিনও।
