২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব বাণিজ্য সংস্থায় তিন দেশের ‍বিরুদ্ধে অভিযোগ কাতারের

সৌদি আরব, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থার কাছে বিস্তৃত অভিযোগ করেছে কাতার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2017, 12:57 PM

Updated : 12 Apr 2022, 12:03 AM

দেশ তিনটির দেওয়া বাণিজ্য নিষেধাজ্ঞার বিরুদ্ধে সোমবার এ অভিযোগ করা হয় বলে বিশ্ব বাণিজ্য সংস্থার কাতার দপ্তরের পরিচালক আলি আলওয়ালিদ আল-থানি রয়টার্সকে জানিয়েছেন।

নিয়ম অনুযায়ী তিন প্রতিবেশী দেশকে আনুষ্ঠানিক ‘আলোচনার অনুরোধ’ জানিয়ে ৬০ দিনের সময় বেধে দিয়েছে দোহা; না হলে বিশ্ব বাণিজ্য সংস্থায় মামলা এবং সম্ভাব্য নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে সৌদি আরব, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতকে।

বিশ্ব বাণিজ্য সংস্থাকে দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে তিন দেশের সাম্প্রতিক নিষেধাজ্ঞার মিল কোথায় তার আইনী ব্যাখ্যা জানতে এই সময় দেওয়া হয়েছে বলে আল-থানি জানান।

“আমরা সবসময় আলোচনা ও দরকষাকষির আহ্বান জানিয়েছি; এটাও আমাদের কৌশলের অংশ যেখানে সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোর সঙ্গে আলোচনা হবে, আমরা নিষেধাজ্ঞা বিষয়ে আরও তথ্য জানতে পারবো, এর বৈধতা আছে কি না তা বুঝতে পারবো এবং বিরোধ নিরসনে সমাধান বের করতে পারবো।”

জঙ্গিগোষ্ঠীগুলোকে অর্থায়নের অভিযোগ এবং আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানের সঙ্গে সম্পর্কের জেরে গত মাসের ৫ তারিখে কাতারের ওপর অবরোধ আরোপ করে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিশর।

দেশ চারটি কাতারের ডিজিটাল সেবা ও ওয়েবসাইটের ওপর নিষেধাজ্ঞা, সড়ক যোগাযোগ ও সমুদ্রসীমা বন্ধ করে দেওয়া এবং কাতার এয়ারওয়েজের পরিচালিত ফ্লাইটের ওপরও বিধিনিষেধ আরোপ করে।

অবরোধ আরোপ করা চার দেশের মধ্যে সৌদি আরব, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেও মিশরের বিরুদ্ধে কোনো অভিযোগ জানায়নি দোহা।

রয়টার্স জানিয়েছে, বিশ্ব বাণিজ্য সংস্থায় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে ৮ পৃষ্ঠার অভিযোগ দিযেছে কাতার, আর বাহরাইনের বিরুদ্ধে দিয়েছে ৬ ‍পৃষ্ঠার অভিযোগ।  কিন্তু কোনো অভিযোগেই অবরোধের কারণে হওয়া আর্থিক ক্ষতির অঙ্ক উল্লেখ করেনি দোহা।

আলোচনায় সমাধান না হলে ওই ক্ষতিপূরণের দাবিতেই মামলা চলবে বিশ্ব বাণিজ্য সংস্থায়, যা শেষ হতে ২ থেকে ৫ বছর কিংবা তারও বেশি সময় লাগতে পারে।

কাতারের অভিযোগ নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি সংশ্লিষ্ট দেশ তিনটি। জাতীয় নিরাপত্তার স্বার্থেই তারা দোহার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে বলে এর আগে বিশ্ব বাণিজ্য সংস্থাকে জানিয়েছিল তারা