২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডায়ানার ‘ব্যক্তিগত’ টেপ সম্প্রচার নিয়ে বিতর্ক

প্রিন্সেস ডায়ানার সমস্যাসঙ্কুল বিবাহিত জীবন নিয়ে তার ব্যক্তিগত কথপোকথনের ভিডিও টেপ আগামী সপ্তাহে একটি ব্রিটিশ চ্যানেলে প্রচার করা নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2017, 11:48 PM

Updated : 12 Apr 2022, 12:02 AM

টেপটির সম্প্রচার ঠেকাতে চাইছেন ডায়ানার ঘনিষ্ঠরা। কিন্তু লন্ডনের চ্যানেল ফোর ডায়ানার একান্ত ওই অধ্যায়কে চমৎকার একটি ঐতিহাসিক দলিল হিসাবে বর্ণনা করে টেপটি প্রচারে আগ্রহী।

প্রিন্সেস ডায়ানা ও তার কণ্ঠ প্রশিক্ষক পিটার সেটেলেনের মধ্যকার কথোপকথনের এ টেপ নিয়ে তৈরি প্রামাণ্যচিত্র ডায়ানার ২০ তম মৃত্যুবার্ষিকীতে প্রচার করার পরিকল্পনা করেছে চ্যানেল ফোর। এর নাম দেওয়া হয়েছে ‘ডায়ানা: ইন হার ওন ওয়ার্ডস।’

২০ বছরের দীর্ঘ সময়ে ডায়ানার অজানা এমন একটি দিক প্রকাশ্যে আসা উচিত বলে চ্যানেল ফোর মনে করলেও ডায়ানার ঘনিষ্ঠ বন্ধু রোজা মঙ্কটন এর বিপক্ষে মত দিয়ে বলেছেন, “এ টেপ প্রকাশ করলে তা প্রয়াত প্রিন্সেসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করারই সামিল হবে।”

মঙ্কটন সম্প্রচারমাধ্যমকে লিখিতভাবে টেপটি প্রচার না করার অনুরোধ জানিয়েছেন। গার্ডিয়ান পত্রিকাকে তিনি বলেন, “এটি জনগণের সম্পত্তি নয়। এ টেপ প্রকাশ করা প্রিন্সেস ডায়ানার নিজের এবং তার পরিবারের ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন।”

১৯৯২-৯৩ সালে কেনসিংটন প্যালেসে পিটার সেটেলেনের সঙ্গে কথোপকথনের সময়ে ভিডিও টেপটি ধারণ করা হয়েছিল। এ টেপে ডায়ানা প্রিন্স চার্লসের সঙ্গে তার বিবাহিত জীবন, যৌন সম্পর্ক এমনকি স্বামীর সঙ্গে ক্যামিলা পার্কার বোলসের প্রেমের বিষয়টি সামাল দেওয়া নিয়েও কথা বলেছেন।

রাজপরিবারের সাবেক মুখপাত্র বিবিসি’র ভিক্টোরিয়া ডারবিশায়ার প্রোগ্রামে বলেন, “প্রশিক্ষণ চলাকালে এর অংশ হিসাবেই ব্যক্তিগত এই টেপ ধারণ করা হয়েছে। রুদ্ধদ্বার অবস্থায় কোনওকিছু করা মানেই সেটি গোপনীয় ব্যাপার।”

ওদিকে, রাজকীয় জীবনীকার পেনি জুনর বলেন, “এ ধরনের গোপনীয় একটি জিনিস সম্প্রচার করাকে আমি খুবই অশ্লীল এবং অনৈতিক ব্যাপার বলেই মনে করি।”

১৯৯৭ সালের অগাস্টে প্যারিসে এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিলেন প্রিন্সেস ডায়ানা।

তার প্রশিক্ষক সেটেলেনে ২০০৪ সালে টেপটি আমেরিকান একটি টিভি চ্যানেল এনবিসি’র কাছে বিক্রি করে দিয়েছিলেন এবং এরপর সেই চ্যানেলটিতে টেপের অংশবিশেষ প্রচার হয়েছিল।

 চ্যানেল ফোর এখন সেই টেপই প্রথমবারের মত প্রচারের পরিকল্পনা করেছে। এর আগে বিবিসি ২০০৭ সালে একবার ডকুমেন্টারির অংশ হিসাবে টেপটি প্রকাশ করার পরিকল্পনা করলেও পরে আর তা প্রচার করেনি।