ভেনেজুয়েলার ভোটে মাদুরোর জয় দাবি
ভেনেজুয়েলায় বিক্ষোভ উপেক্ষা করে সংবিধান পাল্টাতে নতুন একটি পরিষদ গঠন প্রশ্নে ভোটে জয় দাবি করেছেন প্রেসিডেন্ট মাদুরো।
নির্বাচনী কর্মকর্তারা বলেছেন, ভোটার উপস্থিতির হার ছিল ৪১ দশমিক ৫ শতাংশ। তারা বলছেন, ৮১ লাখ ভোটার রোববার ভোট দিতে গেছে।
তবে বিরোধীরা এ সংখ্যা নিয়ে আপত্তি তুলেছে। বিরোধী জোট বলছে, ৮৮ শতাংশ ভোটারই ভোটদানে বিরত ছিল। আর ভোট দিয়েছে মাত্র ২৫ লাখ ভোটার।
বিরোধীরা এ ভোট প্রত্যাখ্যান করে সোমবার আরও বিক্ষোভের ডাক দিয়েছে।
রোববারের ভোট সহিংসতায় পণ্ড হয়েছে। ব্যাপক বিক্ষোভে নিহত হয়েছে অন্তত ১০ জন।
বিরোধীরা এ ভোটকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা বলে অভিহিত করে ভোট বয়কট করলেও সরকার এ ভোটকেই দেশে শান্তি ফেরানোর একমাত্র উপায় আখ্যা দিয়ে ভোট অনুষ্ঠান করে।
ভোটের মাধ্যমে একটি সাংবিধানিক সুপ্রিম পরিষদ গঠন করছে সরকার। নতুন এই নির্বাচিত পরিষদ খুব দ্রুতই আইন পাস করতে শুরু করবে বলে ভোটের পর জানিয়েছে ভেনেজুয়েলার ক্ষমতাসীন স্যোশালিস্ট পার্টি।
প্রেসিডেন্ট মাদুরো এ নির্বাচনকে ‘বিপ্লবের জন্য ভোট’ বলে এর প্রশংসা করেছেন।
নতুন পরিষদের মধ্য দিয়ে দেশের সংবিধান নতুন করে লেখার ক্ষমতা পাবেন প্রেসিডেন্ট মাদুরো। বিরোধীরা মাদুরোর এই পরিকল্পনারই বিরোধিতা করে আসছিল। লাগাতার প্রতিবাদ-বিক্ষোভে এ পর্যন্ত ১২০ জন নিহত হয়েছে।
একবার সাংবিধানিক পরিষদ গঠন হয়ে গেলে দেশে গণতন্ত্রের কোনও অস্তিত্বই থাকবে না- এ আশঙ্কায় বিদেশি সরকারগুলোও ভেনেজুয়েলায় অনুষ্ঠিত ভোটের সমালোচনা করেছে।
যুক্তরাষ্ট্র তেল ক্ষেত্রে নিষেধাজ্ঞার মতো পদক্ষেপসহ ভেনেজুয়েলার বিরুদ্ধে দ্রুতই কঠোর ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছে। আর্জেন্টিনা থেকে মেক্সিকো পর্যন্ত ল্যাটিন আমেরিকার দেশগুলো ভেনেজুয়েলার ভোটের নিন্দা জানিয়েছে।
আরও কয়েকটি দেশের ভোটের ফলকে স্বীকৃতি দেয়নি। নিন্দা জানিয়েছে স্পেন এবং কানাডাও।
