কাবুলে ইরাকি দূতাবাসের কাছে আত্মঘাতী বোমা হামলা
আফগানিস্তানের রাজধানী কাবুলে ইরাকি দূতাবাসের কাছে একটি পুলিশ কম্পাউন্ডে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন দেশটির নিরাপত্তা কর্মকর্তারা।
বার্তা সংস্থা রয়টার্স পুলিশের এক মুখপাত্রের বরাতে জানিয়েছে, সোমবার সকালে শহরটির বাণিজ্যিক এলাকায় ওই বোমা বিস্ফোরণের পর থেকে অন্যান্য হামলাকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর বন্দুক লড়াই চলছে।
তাৎক্ষণিকভাবে হামলার লক্ষ্যস্থল পরিষ্কার না হলেও ঘটনাস্থল থেকে পুলিশ জানিয়েছে, বন্দুকধারীরা দূতাবাস ভবনটির ভিতরে আড়াল নিয়েছে বলে মনে হচ্ছে, ওই দূতাবাস ভবন থেকে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে।
সেখানে পাঁচজন বন্দুকধারী আছে বলে মনে করছেন নিরাপত্তা কর্মকর্তারা। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
হামলায় দায় স্বীকার করে ইসলামিক স্টেটের (আইএস) বার্তা সংস্থা আমাক জানিয়েছে, ইরাকি দূতাবাসকে লক্ষ্য করেই হামলাটি চালানো হয়েছে।
অপরদিকে বিবিসি কাবুলের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শও ই নওয়া এলাকায় ইরাকি দূতাবাসের কাছে গোলাগুলির ঘটনাটি অব্যাহত আছে বলে পুলিশের বরাতে জানিয়েছে
চলতি বছর তালেবান ও তথাকথিত ইসলামিক স্টেটের জঙ্গিরা কাবুলে বেশ কয়েকটি প্রাণঘাতী হামলা চালিয়েছে।
এক সপ্তাহ আগে কাবুলে সরকারি কর্মীদের লক্ষ্য করে চালানো একটি আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়। ওই হামলার দায় স্বীকার করেছিল তালেবান। কিন্তু সোমবারের আত্মঘাতী হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে তাদের কাছে কোনো তথ্য নেই বলে দাবি করেছে জঙ্গিগোষ্ঠীটির এক মুখপাত্র।
