ভেনেজুয়েলায় বিক্ষোভের মধ্যেও ভোট, কয়েকজন নিহত
ভেনেজুয়েলায় বিক্ষোভ উপেক্ষা করে সংবিধান সংশোধনের জন্য নতুন একটি পরিষদ গঠন প্রশ্নে ভোট শুরু হয়েছে।
রোববার এ ভোট শুরুর প্রাক্কালেই নিহত হয়েছে সামনের সারির এক প্রার্থী এবং এক বিরোধীদলীয় কর্মী।
বিরোধীরা এ ভোটকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা বলে অভিহিত করে ভোট বয়কট করেছে।
তবে সরকার বলছে, দেশে কয়েকমাসের সহিংস বিক্ষোভের পর ভোটের মাধ্যমে একটি সাংবিধানিক সুপ্রিম পরিষদ গঠন করাটাই শান্তি ফেরানোর একমাত্র উপায়।
রোববার ভোট শুরুর আগে বিক্ষোভকারীরা বিক্ষোভের ওপর নিষেধাজ্ঞার প্রতিবাদে রাজধানী কারাকাসের রাস্তা অবরোধ করে রাখে।
ভোটের আগে শনিবার রাতে গুলিতে নিহত হন নির্বাচনের এক প্রার্থী আইনজীবী জোসে ফেলিক্স পিনেদা। ভেনেজুয়েলার এক ঊর্ধ্বতন মন্ত্রী একথা জানান।
অন্যদিকে, একটি বিক্ষোভ চলাকালে গুলিতে নিহত হন বিরোধীদলের যুব সেক্রেটারি রিকার্ডো ক্যাম্পোস। ভেনেজুয়েলার জাতীয় পরিষদের প্রধান একথা জানিয়েছেন।
ভেনেজুয়েলার এল ইউনিভার্সাল পত্রিকা বিক্ষোভে আরও দুইজন নিহত হওয়ার খবর জানিয়েছে।
প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশের সংবিধান সংশোধন করে তা নতুন করে লেখার যে পরিকল্পনা নিয়েছেন তারই প্রতিবাদ জানিয়ে আসছে বিরোধীরা।
এ প্রতিবাদের মধে্যও রোববার ভোটের শুরুতেই ভোট দিয়েছেন মাদেুরো। টিভি তে সম্প্রচারিত বক্তব্যে মাদুরো ভোটে বড় ধরনের জয়ের আশা প্রকাশ করেছেন।
এ ভোটকে ভেনেজুয়েলার রাজনৈতিক ব্যবস্থার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আখ্যা দিয়েছেন তিনি।
তবে, নির্বচনী পর্ষদের প্রধান জানিয়েছেন, দেশের কয়েকটি স্থানে ভোটিং মেশিনে হামলা হয়েছে এবং সেগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে।
মাদুরো এবং তার সংবিধান নতুন করে রচনার পরিকল্পনার বিরুদ্ধে গত চারমাস ধরে বিক্ষোভ সহিংসতায় ভেনেজুয়েলায় এ পর্যন্ত ১শ জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে।
