উত্তর কোরিয়া নিয়ে চীন কিছুই করছে না: ট্রাম্প
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর দেশটির পারমাণবিক কর্মসূচি বন্ধে যথেষ্ট পদক্ষেপ না নেওয়ার জন্য চীনকে নিয়ে হতাশা প্রকাশ করে এর সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
কয়েকটি টুইটার পোস্টে ট্রাম্প লেখেন, “আমি চীনকে নিয়ে খুবই হতাশ... তারা উত্তর কোরিয়াকে নিয়ে আমাদের জন্য কিছুই করছে না। আমরা এ অবস্থা চলতে দেব না। চীন সহজেই এ সমস্যা সমাধান করতে পারে!”
উত্তর কোরিয়া এ মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের আলাস্কা পর্যন্ত আঘাত হানতে সক্ষম একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর আবার গত শুক্রবার আরেকটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। একমাসের মধ্যে এটি তাদের দ্বিতীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা।
এ পরীক্ষা চালানোর পর পুরো যুক্তরাষ্ট্রই ক্ষেপণাস্ত্রের আওতায় চলে এসেছে বলেও উত্তর কোরিয়া দাবি করেছে।
উত্তর কেরিয়ার এই হম্বিতম্বির পাল্টা জবাবে দক্ষিণ কোরিয়া এবং জাপানের সঙ্গেকার যৌথ মহড়ার আওতায় যুক্তরাষ্ট্র কোরিয়া উপদ্বীপে দুটি ইউএস-বি-১ বোমারু বিমান উড়িয়েছে। এ পদক্ষেপ উত্তর কোরিয়ার আইসিবিএম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সরাসরি প্রতিক্রিয়া।
যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় বিমান বাহিনীর কমান্ডার জেনারেল টেরেন্স এক বিবৃতিতে বলেছেন, “আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষেত্রে উত্তর কোরিয়াই সবচেয়ে আসন্ন হুমকি।”
শনিবার উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর চীন এর নিন্দা জানিয়ে সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। কিন্তু চীনের প্রতিক্রিয়ায় ট্রাম্প হতাশা প্রকাশ করেছেন। চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতিকেও তিনি উত্তর কোরিয়া নীতির সঙ্গে সম্পৃক্ত করেন।
দুটো টুইটে তিনি লেখেন, “আমি চীনকে নিয়ে খুবই হতাশ। আমাদের অতীতের বোকা নেতারা চীনকে বছরে বছরে বাণিজ্য করে শত শত ডলার বানাতে দিয়েছেন। তারপরও তারা উত্তর কোরিয়াকে নিয়ে আমাদের জন্য কিছু করছে না।”
তিনি লেখেন, “আমরা আর এভাবে চলতে দিতে পারি না। চীন সহজেই এ সমস্যা সমাধান করতে পারে।”
উত্তর কোরিয়ার ঘনিষ্ঠ অর্থনৈতিক মিত্র দেশ এবং বাণিজ্য অংশীদার হচ্ছে চীন।
প্রেসিডেন্ট ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এ বছরের শুরুর দিকে এক বৈঠকে উত্তর কোরিয়া নিয়ে আলোচনা করেছিলেন।
পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র পরীক্ষার রাশ টেনে ধরতে দু’দেশ কয়েকটি বিকল্প নিয়ে কাজ করে যাচ্ছে বলে ওই সময় জানিয়েছিলেন কর্মকর্তারা।
কিন্তু তার পর থেকে উত্তর কোরিয়া এ পর্যন্ত দু’টি আইসিবিএম ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল।
