২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হামবুর্গে হামলাকারীকে চিনত নিরাপত্তা বাহিনী

জার্মানিতে হামবুর্গের সুপারমার্কেটে ছুরি হামলা চালানো যুবক আগে থেকেই জার্মানির নিরাপত্তা বাহিনীর কাছে মৌলবাদী হিসেবে পরিচিত ছিল; ফিলিস্তিনি ওই অভিবাসীর মানসিক সমস্যা আছে বলেও ধারণা তাদের।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2017, 06:14 PM

Updated : 12 Apr 2022, 12:02 AM

কর্মকর্তাদের বরাত দিয়ে শনিবার রয়টার্স জানায়, নিরাপত্তা সংস্থাগুলো হামলার আগ পর্যন্ত ওই যুবককে হুমকি হিসেবে বিবেচনা করেনি।

শুক্রবার হামবুর্গের সুপারমার্কেটে ছুরি হামলার ঘটনায় একজন নিহত ও ছয়জন আহত হন। এ নিয়ে এক বছরের মধ্যে দুইবার একই ধরনের রক্তক্ষয়ী হামলার শিকার হল জার্মানিবাসী।

গত বছরের ডিসেম্বরে অভিবাসনে ব্যর্থ এক তিউনিসিয়ান যুবক বার্লিনের ক্রিসমাস মার্কেটে ট্রাক উঠিয়ে দিলে ১২ জন মারা যায়; সেবারও পর্যবেক্ষণে থাকা যুবকটি নিরাপত্তার জাল ছিন্ন করে হামলার আগ পর্যন্ত তাকে হুমকি মনে করেনি নিরাপত্তা সংস্থাগুলো।

রয়টার্স বলছে, নির্বাচনের মাত্র দুই মাস আগে হওয়া হামবুর্গ হামলা জার্মানির গোয়েন্দা সংস্থাগুলোর জন্য বিব্রতকর; কেননা ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ভোটে নিরাপত্তা ইস্যুই বেশি প্রাধান্য পাচ্ছে।

হামবুর্গের স্বরাষ্ট্রমন্ত্রী অ্যান্ডি গ্রোটে শুক্রবার এক সংবাদ সম্মেলনে জানান, ২৬ বছর বয়সী হামলাকারী তাদের গোয়েন্দা ব্যবস্থাপনায় ‘ইসলামপন্থি’ হিসেবে নিবন্ধিত ছিলেন; তাকে সহিংস কিংবা হুমকি হিসেবে বিবেচনা করার মতো কোনো প্রমাণ ছিল না। 

“হামলাকারী নিরাপত্তা বাহিনীর পরিচিত ছিল। আমাদের কাছে তথ্য ছিল সে মৌলবাদে দীক্ষিত হচ্ছে। তাকে বিপদজনক হিসেবে চিহ্নিত করার মত কোনও কিছু আমাদের কাছে ছিল না। তাকে একজন সন্দেহভাজন ইসলামপন্থি হিসেবে নিবন্ধিত করা হয়, জিহাদি হিসেবে নয়,” বলেন গ্রোটে।

কাগজপত্রের অভাবে মানসিকভাবে অসুস্থ ওই অভিবাসনপ্রত্যাশীকে দেশে ফেরত পাঠানো যাচ্ছিল না বলেও জানান তিনি।

বার্লিনের ফিলিস্তিন দূতাবাস ওই যুবকের নথিপত্র ঠিক করে দেওয়ার কথা জানানোর পর যুবকটি জার্মানি ছাড়তেও রাজি হয়েছিল; সাধারণত এ প্রক্রিয়া শেষ হতে কয়েক মাস লাগে।

এর আগে পুলিশ হামলাকারী যুবকের জন্ম সংযুক্ত আরব আমিরাতে বলে জানিয়েছিল।

তদন্তকারীরা জানান, সুপারমার্কেটের একটি দোকানের তাক থেকে ৮ ইঞ্চি লম্বা ছুরি নিয়ে হামলাকারী যুবক দোকানের ভেতর তিনজন এবং বাইরের আরও চারজনকে ছুরিকাঘাত করেন।

আহতদের মধ্যে ৫০ বছর বয়সী একজন মারা যান।

এপ্রিলে এক দোকানে চুরির অভিযোগে হামলাকারী অভিবাসনপ্রত্যাশীকে একবার আটক করা হলেও তাকে দোষী সাব্যস্ত করা হয়নি বলে তদন্তে নিয়োজিত কর্মকর্তারা জানিয়েছেন।

ওদিকে, গ্রীষ্মের ছুটিতে থাকা জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল হামলার সময় চেয়ারসহ বিভিন্ন বস্তু ছুড়ে আক্রমণ প্রতিরোধ ও হামলাকারীকে ধরতে পুলিশকে সাহায্য করায় হামবুর্গবাসীর প্রশংসা করেছেন।

“সহিংস এ অপরাধের অবশ্যই তদন্ত হবে। পুলিশকে তাদের কর্মতৎপরতার জন্য ধন্যবাদ জানাই; একইসঙ্গে ধন্যবাদ জানাই তাদেরকে হামলকারীর বিরুদ্ধে যারা সাহসের সঙ্গে জনপ্রতিরোধ গড়ে তুলেছিল।”