২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলম্বিয়ায় অবৈধ সোনার খনিতে বিস্ফোরণে নিহত ৬

কলম্বিয়ার মধ্যাঞ্চলে একটি অবৈধ সোনার খনিতে বিস্ফোরণে ছয়জন নিরাপত্তা ঠিকাদার নিহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 30 Jul 2017, 12:16 PM

Updated : 12 Apr 2022, 12:02 AM

শুক্রবার কলম্বিয়ার আন্তিয়োকিয়া প্রদেশের বুরিটিকা পৌরসভার এলাকাধীন একটি খনিতে ওই বিস্ফোরণটি ঘটে।

এতে নিহত ঠিকাদাররা কানাডায় তালিকাভুক্ত খনিকোম্পানি কন্টিনেন্টাল গোল্ডের হয়ে কাজ করতো বলে শনিবার কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

এক বিবৃতিতে কন্টিনেন্টাল জানিয়েছে, খনির একটি শ্যাফট পরিদর্শনের সময় একদল অবৈধ খনিশ্রমিক ঠিকাদারদের মুখোমুখি হয়ে পড়ে, এ সময় একটি বিস্ফোরণে সাতজন নিরাপত্তা ঠিকাদারের মধ্যে ছয়জন নিহত হয় এবং একজন রক্ষা পায়।  

নিজেদের ওয়েবসাইটে দেওয়া ওই বিবৃতিতে কোম্পানিটি বলেছে, “সরকারিভাবে বন্ধ করে দেওয়া অবৈধ খনিটির ভূগর্ভে নিয়মিত পরিবদর্শনে গিয়েছিল ওই ঠিকাদাররা। খনির ভূগর্ভস্থ একটি শ্যাফটে প্রবেশ করার পরপরই অবৈধ খনিশ্রমিকরা ঠিকাদারদের দিকে তেড়ে আসে, এরপরই একটি বিস্ফোরণ ঘটে।

“আর যেন এ ধরনের শোচনীয় ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য কর্তৃপক্ষের দিকে তাকিয়ে আছে কোম্পানি।” 

এই বিবৃতিতে বিস্ফোরণের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি। অবৈধ খনিটি পরিদর্শনের জন্য কন্টিনেন্টাল গোল্ডকে দায়িত্ব দিয়েছিল কলম্বিয়া সরকার।

আন্তিয়োকিয়ার দুর্যোগ কর্তৃপক্ষ শনিবার সকালে ঘটনার প্রাথমিক বিবরণ প্রকাশ করেছিল, কিন্তু বিস্ফোরণের কারণ পরিষ্কার হয়নি বলে জানিয়েছিল। অবৈধ খনিশ্রমিকদের সংখ্যা বা তাদের কেউ হতাহত হয়েছে কি না তাও জানায়নি তারা।  

কলম্বিয়ায় বহু অবৈধ খনি আছে। এগুলোতে প্রায়ই দুর্ঘটনা ঘটে। পাশাপাশি এসব খনি নিয়ে প্রায়ই জনঅসন্তোষের মতো ঘটনাও ঘটে থাকে।