২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাম্পের আঁকা ছবি বিকোল ২৯ হাজার ডলারে

আহামরি কোনো ছবি নয়, তবুও দাম উঠল ২৯ হাজার ডলার; কারণ একটাই, এটি এঁকেছিলেন ডোনাল্ড ট্রাম্প।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2017, 09:59 AM

Updated : 19 Aug 2022, 05:10 PM

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আঁকা ওই ছবিটি নিলামে ২৯ হাজার ১৮৪ ডলারে বিক্রির খবর দিয়েছে বিবিসি।

ছবিটি নিউ ইয়র্ক শহরের ম্যানহাটানের, যেখানে দৃষ্টি সীমায় উঁচু উঁচু ভবনগুলোই মুথ্য; আর তার মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে ট্রাম্প টাওয়ার।

প্রেসিডেন্ট ট্রাম্পের এই ছবিটি ইদানীংকালের নয়, ২০০৫ সালে তিনি এটি এঁকেছিলেন দাতব্য কাজের নিলামের জন্য। কিন্তু তখন তা নিলামে ওঠেনি।

সম্প্রতি লস এঞ্জেলসভিত্তিক নিলামঘর ন্যাট ডি স্যান্ডার্স ছবিটি নিলামে তোলে এবং তাতে আশাতীত সাড়া পাওয়া যায় বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্ণধার মাইকেল ক্রিক।

নিলামে ছবিটির ডাক শুরু হয়েছিল ৯ হাজার ডলার থেকে, তা থেকে দর চড়তে চড়তে একাদশতম ডাকে দাম ২৯ হাজার ডলার ছাড়ায়।  

Image
ডোনাল্ড ট্রাম্প: বিতর্ক যার পিছু পিছু হাঁটছে

ডোনাল্ড ট্রাম্প: বিতর্ক যার পিছু পিছু হাঁটছে

ক্রিক আর্টনিউজকে বলেছেন, “সচরাচর আমরা যেমন আগ্রহ দেখে থাকি, তার চেয়ে পাঁচ গুণ বেশি আগ্রহ দেখা গেছে এই ছবিটি নিয়ে।”

শুধু ট্রাম্পের ভক্তরাই নয়, ইতিহাসের স্মারক সংগ্রহ যাদের নেশা, তারাও যুক্তরাষ্ট্রের এই বিতর্কিত প্রেসিডেন্টের ছবিটি নিয়ে ব্যাপক আগ্রহ দেখিয়েছেন বলে জানান ক্রিক।

শুধু ছবিই নয়, ট্রাম্পের একটি ফেরারি গাড়ি, গলফ সেট এবং তার নামাঙ্কিত এক বোতল হুইস্কিও নিলামে বিক্রি হয়েছে।