ফরাসি ফার্স্টলেডির গড়ন নিয়ে মন্তব্য করে সমালোচনায় ট্রাম্প
ফ্রান্সের ফার্স্ট লেডি ব্রিজিত ম্যাক্রোঁর দৈহিক গড়ন নিয়ে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কের ঝড় তুলেছে।
বৃহস্পতিবার ফ্রান্স সফরে যান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প।
হোটেল ‘দে আভেলিদ’ এ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও তার স্ত্রী প্রেসিডেন্ট ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্পকে স্বাগত জানান।
ফরাসী সরকারের ফেইসবুক পাতায় ওই সময়ের ভিডিও পোস্ট করা হয়।
ভিডিওতে সাদা পোষাক পরা ব্রিজিতের দিকে ঘুরে ট্রাম্পকে বলতে শোনা যায়, “ইউ’র ইন সাচ গুড শেপ (আপনার দৈহিক গড়ন বেশ ভালো) ।”
তারপর তিনি ম্যাক্রোঁর দিক তাকান এবং ব্রিজিতের দিকে পুনরায় ঘুরে বলেন, “সুন্দর।”
ভিডিওটি ফেইসবুক পাতায় পোস্ট করার পর নানা সমালোচনামূলক মন্তব্য আসতে থাকে।
নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্যের জন্য নির্বাচনী প্রচারের সময় থেকেই ট্রাম্পে তীব্র সমালোচনা হয়ে আসছে।
জেন সিয়েবেল নিউসম নামে একজন টুইটার ব্যবহারকারীর মন্তব্য, “জনাব ট্রাম্প- আপনি নারীদেহ নিয়ে কি ভাবেন যে সংক্রান্ত অযাচিত মন্তব্য নারীরা শুনতে চায় না।”
ব্রিজিতের হাত ট্রাম্প যেভাবে চেপে ধরেন সেটা নিয়েও নানা তির্যক মন্তব্য এসেছে।
হোয়াইট হাউজের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
