২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাম্পের ফ্রান্স সফরেও পিছ ছাড়ছে না রাশিয়া

রাশিয়া-কেলেঙ্কারির ছায়া নিয়েই ফ্রান্স সফরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্বাভাবিক সময়ে প্যারিসে তার দুইদিনের সফর সহজ এবং জটিলতাবিহীনই হত।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2017, 06:07 PM

Updated : 11 Apr 2022, 11:56 PM

কিন্তু ট্রাম্প জুনিয়রের সঙ্গে রুশ আইনজীবীর বৈঠককে কেন্দ্র করে বিতর্ক বাড়তে থাকায় ট্রাম্পের জন্য সময়টি আর স্বাভাবিক নেই। ফলে ফ্রান্স সফরে ট্রাম্পের পিছ ছাড়ছে না রাশিয়ার বিষয়টি।

ইউরোপে ট্রাম্প তার এবারের সফরে যে মার্কিন নির্বাচনে রাশিয়ার ভূমিকা নিয়ে প্রশ্নের মুখে পড়বেন সেটি একরকম নিশ্চিত।

এতদিন রাশিয়ার সঙ্গে ট্রাম্প শিবিরের যোগাযোগে বিষয়টি নিয়ে গুঞ্জন শোনা গেলেও এবার খোদ তার বড় ছেলে ট্রাম্প জুনিয়রের ইমেইল প্রকাশ এবং রুশ আইনজীবীর সঙ্গে তার বৈঠকের স্বীকারোক্তিও পাওয়া গেছে।

ট্রাম্প এরই মধ্যে তার ছেলেকে নির্দোষ দাবি করেছেন এবং এই বৈঠকের কথা জানা ছিল না বলে যুক্তি দিয়েছেন। তারপরও বৃহস্পতিবার ফ্রান্স সফরকালে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে ট্রাম্প নির্ধারিত শিডিউল অনুযায়ী যৌথ সংবাদ সম্মেলনে হাজির হলে তাকে বক্তব্য রাখার পাশাপাশি রাশিয়ার প্রসঙ্গ নিয়েও যে কথা বলতে হবে তা প্রায় নিশ্চিত।

রাশিয়ার বিষয়টি নিয়ে ট্রাম্প ঘরে সমালোচিত হওয়ার পাশাপাশি জলবায়ু পরিবর্তন এবং বাণিজ্যের বিষয়টিতে তার অবস্থান নিয়ে বিদেশেও সমালোচিত হচ্ছেন। ফ্রান্স সফরে ছায়া ফেলবে এ বিষয়গুলোও।

বৃহস্পতিবার ট্রাম্প দুইদিনের সফরে ফ্রান্সে পৌঁছান। ম্যাক্রোর সঙ্গে কিছু বিষয়ে মতৈক্যে পৌঁছানোই তার এ সফরের লক্ষ্য। হোয়াইট হাউসের কর্মকর্তারা বলছেন, সিরিয়ার গৃহযুদ্ধ এবং সন্ত্রাস বিরোধী লড়াই নিয়ে ম্যাক্রো এবং ট্রাম্প আলাপ করবেন।

এছাড়া, ১৪ই জুলাই ফ্রান্সের জাতীয় দিবসের কুচকাওয়াজে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ট্রাম্প৷ নেপোলিয়নের সমাধি পরিদর্শন করবেন, আইফেল টাওয়ারের বিখ্যাত রেস্তোরাঁয় নৈশভোজ করবেন৷

ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো আশা করছেন, অনেক মতপার্থক্যর পারও এ সফরে তিনি মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে চলনসই সম্পর্ক গড়ে তুলতে পারবেন৷