সৌদি আরবে ছয় জনের শিরশ্ছেদ
সৌদি আরবের রাজধানী রিয়াদে বিভিন্ন অপরাধে একদিনে ছয় অভিযুক্তের শিরশ্ছেদ করা হয়েছে।
সোমবার বিকালের দিকে রিয়াদের ধীরা মসজিদের মাঠে ওই ছয়জনের শিরশ্ছেদ করা হয়, যা চলতি বছর একদিনে সর্বোচ্চ শিরশ্ছেদ।
সন্ত্রাসী কর্মকাণ্ড, খুন, ধর্ষণ, সশস্ত্র ডাকাতি এবং মাদক পাচারের অপরাধের জন্য দেশটিতে সর্বোচ্চ সাজার বিধান অনুযায়ী এ ছয়জনের শিরশ্ছেদ করা হয়।
নিহতদের মধ্যে মাদক চোরাচালানে অভিযুক্ত এক পাকিস্তানির শিরশ্ছেদ করা হয়েছে। অপর পাঁচজন সৌদি নাগরিক, যাদের বিরুদ্ধে খুন ও ধর্ষণের অভিযোগ প্রমাণিত।
তথ্য অনুযায়ী, চলতি বছর সৌদি আরবে এ নিয়ে এখন পর্যন্ত ৪৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
২০১৪ সালে সৌদি আরবে রেকর্ড সর্বোচ্চ ১৫৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। গত বছর ২০১৬ সালে দেশটিতে বিভিন্ন অপরাধে অভিযুক্ত ১৫৩ জনের শিরশ্ছেদ করা হয়।
