জটিল বিষয়গুলো সম্পর্কে জানাই আমার কাজ: রাহুল গান্ধী
সিকিম সীমান্ত নিয়ে চীন-ভারতের চরম উত্তেজনার মধ্যে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে গোপনে সাক্ষাৎ করে বিপাকে পড়া ভারতীয় কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী এক টুইটে বৈঠকের পক্ষে সাফাই দিয়ে বলেছেন, জটিল বিষয়গুলো সম্পর্কে তথ্য জানাটাই তার কাজ।
‘চীন-ভারত সীমান্ত উত্তেজনা নিয়ে কথা বলতে’ ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী দেশটিতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেন। কিন্তু দু’দেশের উত্তেজনার এ সময়ে রাহুলের দল বৈঠকের কথাটি স্বীকার করে নিতে দ্বিধায় ছিল।
রাহুলের কার্যালয় থেকে বৈঠকের কথাটি স্বীকার কিংবা অস্বীকার কোনটিই করা হয়নি।
ওদিকে, এনডিটিভি জানায়, চীনা দূতাবাসের ওয়েবসাইটে ৮ জুলাই শনিবার রাহুলের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের ‘চলমান সিনো-ইন্ডিয়া সম্পর্ক’ নিয়ে আলোচনা হওয়ার কথা জানানো হয়।
সোমবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত খবরটি চীন দূতাবাসের ওয়েবসাইটে ছিল। পরে সেটি সরিয়ে নেওয়া হয়। যদিও খবরের স্ক্রিনশট অনলাইনে ঘুরছে।
বৈঠকের এ খবর পেয়ে এর কড়া সমালোচনা করেন ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতারা।
এরপরই সোমবার এক টুইটে বৈঠকটি হয়েছে জানিয়ে সব জল্পনার অবসান ঘটান রাহুল।
বৈঠকের পক্ষে সাফাই দিয়ে তিনি বলেন, চীনা দূতের সঙ্গে সাক্ষাৎ করার অধিকার তার আছে। আর জটিল বিষয়গুলো সম্পর্কে তথ্য জানাটাও তার কাজ।
টুইটে সরকারের সমালোচনাও করেছেন রাহুল। তিনি বলেন, তার বৈঠককে সরকার ভুল কাজ মনে করে থাকলে সীমান্ত নিয়ে উত্তেজনার এ সয়ে সরকারের শীর্ষ মন্ত্রীরা চীনের আতিথেয়তা বরণ করছেন কেন?
ওদিকে, বৈঠক নিয়ে বিতর্কের মুখে টুইটারে কংগ্রেসের মুখপাত্র রণদ্বীপ সিং সুরজেওয়ালা বলেছেন, এখনও চীনের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক রয়েছে।
অন্যদিকে, দলটির সোশ্যাল মিডিয়া সেলের প্রধান রামায়ার টুইট, “কংগ্রেস সহ-সভাপতি রাহুল চীনের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করে থাকলেও এটিকে কোনও বড় বিষয় বলে মনে করছি না।”
সোমবার সন্ধ্যায় কংগ্রেস বৈঠকের বিষয়টি নিশ্চিত করে বলেছে, “এটি চীনা রাষ্ট্রদূত হতে পারেন, ভুটানের রাষ্ট্রদূত হতে পারেন বা সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিভ শঙ্কর মেনন হতে পারেন। রাহুল গান্ধী তাদের সবার সাথেই সাক্ষাৎ করেছেন। কারোরই উচিত হবে না এ ধরনের সাধারন সৌজন্য আলাপকে সংবেদনশীল বিষয়ে পরিণত করা।”
গত মাসের শেষ দিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফরের মধ্যে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমে সীমান্ত রেখা অতিক্রম করে একদল চীনা সৈন্য ভারতের দুটি বাঙ্কার গুঁড়িয়ে দেয়। যা নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।
