রুশ আইনজীবীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন ট্রাম্প-কুশনার
গত বছর রিপাবলিকান প্রার্থী হিসেবে মনোনয়ন নিশ্চিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে, জামাতা কুশনার এবং তার নির্বাচনী প্রচার শিবিরের সাবেক ম্যানেজার রাশিয়ার একজন আইনজীবীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন বলে খবর প্রকাশ করছে নিউ ইয়র্ক টাইমস।
শনিবার প্রকাশিত প্রতিবেদনে ওই রুশ আইনজীবীর সঙ্গে ক্রেমলিনের যোগাযোগ থাকার দাবিও করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ২০১৬ সালের ৯ জুন ম্যানহাটানে অবস্থিত ট্রাম্প টাওয়ায়ে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। এটিই ট্রাম্পের ঘনিষ্ঠজনদের সঙ্গে রাশিয়ার কোনও নাগরিকের প্রথম নিশ্চিত কোনও বৈঠক।
গোপন সরকারি নথি এবং ওই নথি সম্পর্কে জানেন এমন ব্যক্তিদের সাক্ষাৎকারের ভিত্তিতে ‘নিউ ইয়র্ক টাইমস’ এ খবর দিয়েছে।
যদিও বিবৃতি প্রকাশ করে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ওই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মার্কিনিদের রুশ শিশু দত্তক নিতে পারা সম্পর্কিত একটি জনপ্রিয় প্রকল্প নিয়ে আলোচনার জন্য প্রাথমিকভাবে বৈঠকটির আয়োজন করা হয়েছিল।
“ওই সময়ে সেখান নির্বাচনী প্রচার নিয়ে কোনও কথা হয়নি এবং পরে এ নিয়ে আর কোনও কথাবর্তাও হয়নি। আমার চেনা একজন আমাকে ওই বৈঠকে যেতে বলেছিলেন। কিন্তু সেখানে আমার কার সঙ্গে দেখা হবে সে সম্পর্কে আগে থেকে কিছু জানানো হয়নি।”
ইভাঙ্কা ট্রাম্পের স্বামী জারেড কুশনারের ওই বৈঠকে উপস্থিত থাকার বিষয়ে তার আইনজীবী বলেন, কুশনার সংক্ষিপ্ত সময়ের জন্য ওই বৈঠকে উপস্থিত ছিলেন।
“নির্বাচনী প্রচার এবং নির্বাচন পরবর্তী সময়ে কুশনারকে ২০টির বেশি দেশের প্রতিনিধির সঙ্গে শতাধিকবার ফোনে অথবা সরাসরি আলোচনা করতে হয়েছে।”
ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবিরের সাবেক ব্যবস্থাপক পল ম্যানাফোর্ট ওই বৈঠকে উপস্থিত ছিলেন বলে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়।
এ সম্পর্কে জানতে রয়টার্সের পক্ষ থেকে ম্যানাফোর্টের মুখপাত্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হতে হয়েছে।
রাশিয়ার সন্দেহভাজন মানবাধিকার লঙ্ঘনকারীকে কালোতালিকাভূক্ত করার একটি আইন যুক্তরাষ্ট্রে প্রচলিত আছে।
বৈঠকে অংশ নেওয়া রুশ আইনজীবী নাতালিয়া ভেসেলনিতস্কায়া মার্কিন ওই আইনের বিরুদ্ধে প্রচারণা চালানোর জন্য পরিচিত।
যুক্তরাষ্ট্রের ওই আইনে ক্ষুব্ধ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রতিশোধ নিতে আমেরিকার নাগরিকদের রাশিয়ার শিশু দত্তক নেওয়ার প্রক্রিয়া বন্ধ করে দেন বলেও নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়।
