জি-২০ সম্মেলন: ট্রাম্পের চেয়ারে ইভাঙ্কা
জার্মানিতে জি-২০ সম্মেলনের দ্বিতীয় দিন নেতাদের এক বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুপস্থিতিতে তার আসন নিয়েছিলেন ইভাঙ্কা ট্রাম্প।
শুক্রবার থেকে জার্মানির হামবুর্গে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতির ২০ দেশের সম্মেলন, যা সংক্ষেপে জি-২০ সম্মেলন নামে পরিচিত।
বিবিসি জানায়, দুইদিন ব্যাপী সম্মেলনের দ্বিতীয় দিন শনিবার নেতাদের একটি বৈঠকে অনুপস্থিত ছিলেন ট্রাম্প।
ওই সময় তিনি ইন্দোনেশিয়ার নেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে গিয়েছিলেন।
সাধারণত এ ধরনের পরিস্থিতিতে শীর্ষ পর্যায়ের কোনো কর্মকর্তা বৈঠকে উপস্থিত থাকেন।
ইভাঙ্কা পিতার উপদেষ্টা পদে ( বিনা বেতনে ) আছেন।
অতীতে এ ধরনের ঘটনার নজির নেই বলে জানিয়েছে বিবিসি। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।
যদিও কিছুক্ষণ পরই ট্রাম্প ফিরে আসেন এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরিজা মে এবং চীনের প্রেসিডেন্ট শী জিংপিনের মাঝে নিজের আসন গ্রহণ করেন।
টুইটারের কেউ কেউ ইভাঙ্কা নির্বাচিত কেউ নন বলে ক্ষোভ প্রকাশ করেন। অনেকে এত উচ্চ পর্যায়ের কূটনৈতিক বৈঠকে তার বসার যোগ্যতা এবং তার পেশাগত পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন।
বৈঠকের যে সময়ে ট্রাম্প অনুপস্থিত ছিলেন, ওই সময়ে নেতারা আফ্রিকা থেকে আসা অভিবাসী ও স্বাস্থ্য বিষয়ে আলোচনা করছিলেন।
ওই আলোচনায় ইভাঙ্কার তেমন কোনো ভূমিকা ছিল না বলেও বিবিসির প্রতিবেদনে বলা হয়।
