বন্যায় স্থগিত হলো জাপানি রাজকুমারীর বাগদান
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলজুড়ে বন্যা দেখা দেওয়ায় জাপানি রাজকুমারী মাকোর বাগদান স্থগিত করা হয়েছে।
মাস দুয়েক আগে জাপানের সম্রাট আকিহিতোর জ্যেষ্ঠ নাতনী মাকোর রাজ পরিবারের বাইরের এক সাধারণ পরিবারের ছেলের সঙ্গে প্রেমে পড়ার কাহিনী গণমাধ্যমে চাউর হয়।
এরপর সম্রাট আকিহিতো তাদের বিয়ের বাগদানের জন্য ৮ জুলাই (শনিবার) দিন ধার্য করেছিল। কিন্তু বন্যার কারণে ওই অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।
জারি করা এক ঘোষণায় এ খবর জানিয়েছে রাজপ্রসাদের দেখভালের দায়িত্বে থাকা ইম্পেরিয়াল হাউজ এজেন্সি। তবে পরবর্তীতে কবে ওই অনুষ্ঠানটি হবে তা নির্দিষ্ট করে জানায়নি এজেন্সিটি।
মৌসুমি বায়ুর প্রভাবে বুধবার থেকে জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কিয়ূশু দ্বীপে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে।অতি বৃষ্টিতে দ্বীপটির বেশ কিছু এলাকায় বন্যা দেখা দিয়েছে।
বন্যায় শনিবার পর্যন্ত ১৬ জন মারা গেছে বলে খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছে অন্তত ২০ জন। ভেসে গেছে কয়েকশ কাঠের বাড়ি।
অনেক এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ট্রেন যোগাযোগও বন্ধ রয়েছে।
জাতীয় পুলিশ সংস্থা (এনপিএ) জানিয়েছে, ফুকুওয়াকা এবং ওইতা প্রদেশের বিভিন্ন জায়গায় বন্যায় বেশ কিছু বাড়িঘর তলিয়ে গেছে। ভূমিধসে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। ওই এলাকায় খাবার পানি সংকট দেখা দিয়েছে।
এই পরিস্থিতিতে রাজপ্রসাদের পক্ষ থেকে জানানো হয়, প্রাকৃতিক দুর্যোগের কারণে সম্রাট আকিহিতোর নাতনী রাজকুমারী মাকোর পূর্ব ঘোর্ষিত বাগদানের অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।
সম্রাট্রের পরিবারকে দেখভালের দায়িত্বে থাকা ইম্পেরিয়াল হাউজ এজেন্সির কর্মকর্তা শিনিচিরো ইমামতো এক সংবাদ সম্মেলনে বলেন, ২৫ বছর বয়সী রাজকুমারী মাকো টোকিও খ্রিষ্টান বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন কিই কুমুরোর প্রেমে পড়েন। প্রায় পাঁচ বছর প্রেমের পর মাকো সম্প্রতি সম্রাট আকিহিতোকে তাদের প্রেমের কথা জানালে রাজ পরিবার বিয়ের সিদ্ধান্ত নেয়। সেই অনুযায়ী শনিবার এই দম্পতির বাগদান সম্পন্ন হওয়ার কথা ছিল।
রাজকুমারী মাকো দেশের দুর্যোগ বিষয়ে ওয়াকিবহাল রয়েছেন। তিনি বন্যায় আটকা পড়া মানুষদের জন্য সরকারি সহাযোগিতা অব্যহত রাখার আহ্বান জানিয়েছেন।
যেহেতু রাজপ্রসাদের অনুষ্ঠান পুরো দেশবাসীর অনুষ্ঠান, সেখানে দেশের একটি অংশকে বিপদগ্রস্ত রেখে রাষ্ট্রীয় অনুষ্ঠান আয়োজন যথাযথ নয় বিবেচনায় রাজকুমারী বাগদান অনুষ্ঠানটি স্থগিত করার জন্য সম্রাটকে অনুরোধ জানিয়েছেন।
মাকো ও তার হবু স্বামী কুমুরোর সঙ্গে আলোচনার পর বাগদানের পরবর্তী তারিখ ঘোষণা করা হবে বলে রাজপ্রাসাদের পক্ষ থেকে জানিয়েছে এজেন্সিটি।
পেশায় আইনজীবী কিই কুমুরো সাধারণ পরিবারের সন্তান হওয়ায় রাজকন্যা মাকো তাকে বিয়ে করলে রাজকীয় উত্তরাধিকার হারাবেন বলে আগে থেকে ঘোষণা করা হয়েছিল। জাপানের রাজপরিবারের বর্তমান সদস্য সংখ্যা ১৪ আর মাকোর বিয়ের পর তা ১৩ হবে । এতে দিনে দিনে রাজপরিবারের সদস্য সংখ্যা কমে যাওয়ায় শঙ্কায় রয়েছে জাপানিরা।
