২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্রের জবাবে যুক্তরাষ্ট্র-দ. কোরিয়ার মহড়া

জাপান সাগরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে উত্তর কোরিয়ার নুতন করে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার জবাবে যৌথ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2017, 08:28 PM

Updated : 11 Apr 2022, 11:52 PM

মহড়ার পর এক বিবৃতিতে বলা হয়, “আত্মসংযমই কেবলমাত্র যুদ্ধবিরতি ও যুদ্ধের মধ্যে পার্থক্য গড়ে তুলতে পারে এবং তা যে কোনও সময় পাল্টেও যেতে পারে। উত্তর কোরিয়া যদি এর বাইরে কিছু চিন্তা করে তবে সেটি তাদের জন্য চরম ভুল হবে।”

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন বলেন, “শুধু বিবৃতি দিয়ে নয় বরং নিজেদের ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা প্রদর্শনের মাধ্যমে মিত্রদের নিজেদের সক্ষমতা জানানো প্রয়োজন।”

মঙ্গলবার দেশের পশ্চিমাঞ্চল থেকে নতুন করে আরও একটি ‘ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল' (আইসিবিএস) এর পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এটিই তাদের দূর পাল্লার ক্ষেপণাস্ত্রের প্রথম সফল পরীক্ষা বলে দাবি দেশটির। ক্ষেপণাস্ত্রটি জাপান সাগরে গিয়ে পড়ে।

কয়েকজন বিশেষজ্ঞের ধারণা ক্ষেপণাস্ত্রটি যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে আঘাত হানতে সক্ষম।

উত্তর কোরিয়ার এ পদক্ষেপের জবাবে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মহড়া বন্ধের আহ্বান জানিয়েছে চীন ও রাশিয়া। একইসঙ্গে উত্তর কোরিয়াকেও ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করতে বলে দেশদুটি উভয়পক্ষকেই পেশীশক্তি প্রদর্শন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের যাবতীয় নিষেধাজ্ঞা উপেক্ষা করে একের পর এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া।

উত্তর কোরিয়ার বিষয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্র জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক আহ্বান করেছে।

বিবিসি জানায়, বুধবার রাতে কোনও এক সময় নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য রুদ্ধদ্বার বৈঠকে বসতে পারে।