২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাম্পকে অভিশংসনের দাবিতে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ

কংগ্রেসের কাছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসন করার দাবি জানিয়ে যুক্তরাষ্ট্রজুড়ে ৪৬টি নগরীতে বিক্ষোভ-মিছিল করেছে হাজার হাজার মানুষ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2017, 11:10 PM

Updated : 11 Oct 2022, 02:14 PM

ট্রাম্পের অভিবাসন নীতি, বিদেশের সঙ্গে তার ব্যবসায়িক সম্পর্ক এবং ২০১৬ সালের নির্বাচনে রাশিয়ার সম্ভাব্য হস্তক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মানবাধিকার সংগঠনের কর্মীরা রোববার এ বিক্ষোভের আয়োজন করে। মূল আয়োজক ছিল ‘দ্য ইন্ডিভিজিবল সিএ ডি-৩৯ গ্রুপ’।

বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ‘অবৈধ দুর্নীতিগ্রস্ত পুতুল’ লেখা ব্যানার নিয়ে এবং তাকে আটক করার দাবিতে স্লোগান দিয়ে বিক্ষোভ করে।

‘দ্য ইন্ডিপেনডেন্ট’ জানায়, অন্য নগরীগুলোর তুলনায় লস অ্যাঞ্জেলেসেই সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে। সেখানে বিক্ষোভে অংশ নিয়েছে ১০ হাজার মানুষ।

ইন্ডিভিজিবল সিএ ডি-৩৯ গ্রুপের পক্ষ থেকে বলা হয়, “ট্রাম্প বিচারে বাধা সৃষ্টি করেছেন, বৈদেশিক সম্পর্ক বিষয়ক নীতি লঙ্ঘন করেছেন বলে সন্দেহ রয়েছে। আর এ দুটো কারণেই কংগ্রেস সংবিধানসম্মতভাবে ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত করা এবং তাকে অভিশংসন করার পদক্ষেপ নিতে পারে।”

লস অ্যাঞ্জেলেস বাদে অন্য ৪৫ টি নগরীতে ছোট পরিসরে জনতার বিক্ষোভ দেখা গেছে। সেখানে বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সংবিধান লঙ্ঘন এবং বিচারে বাধা সৃষ্টির অভিযোগ করেছে।

 বিক্ষোভের ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীদের হাতে ‘সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট’ লেখা প্ল্যাকার্ড। তাদেরকে ‘পতন’, ‘পতন’, ‘ট্রাম্প নিপাত যাক’, ‘উঠো’, ‘উঠো’, জনগণ জাগো’ বলে স্লোগান দিতেও শোনা যায়।

নিউ ইয়র্কে কয়েকজন বিক্ষোভকারীকে ‘ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল’ এর সামনে বিক্ষোভ করতে দেখা গেছে। যদিও সেখানে পাশপাশি ট্রাম্প সমর্থকদের একটি দলও ছিল। তবে উভয় পক্ষের মধ্যে গোলযোগের খবর পাওয়া যায়নি।

পাম বিচ, ফ্লোরিডা, আটলান্টা, অস্টিন, শিকাগো, নিউ অরলিন্সেও ছোট আকারে বিক্ষোভ হয়েছে।