২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ট্রাম্পের আমেরিকা প্রথম নীতিকে’ মেরকেলের চ্যালেঞ্জ

জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল আসন্ন জি-২০ সম্মেলনে মুক্ত বাণিজ্য নীতি এবং যৌথ তৎপরতায় জলবায়ু পরিবর্তন মোকাবেলার বিষয়ে লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 30 Jun 2017, 02:43 PM

Updated : 11 Apr 2022, 11:51 PM

পার্লামেন্টে বৃহস্পতিবার দেওয়া এক ভাষণে মার্কেল এই প্রতিশ্রুতি দেন বলে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে।

তার এই প্রতিশ্রুতি সম্মেলনে থাকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘আমেরিকাই প্রথম’ নীতিকে চ্যালেঞ্জের মুখে ফেলবে বলে মনে করা হচ্ছে।

আগামী সপ্তাহে জার্মানির হামবুর্গে শিল্পোন্নত ২০টি দেশের এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা।

পার্লামেন্টে ভাষণে মেরকেল ট্রাম্পের নাম উল্লেখ না করে বলেন, “বৈশ্বিক সমস্যা সংরক্ষণবাদ ও বিচ্ছিন্নতা দিয়ে মোকাবেলা করা যাবে না।”

মাসখানেক আগে ইতালির সিসিলিতে হওয়া শিল্পোন্নত ৭টি দেশের জি-৭ সম্মেলনে ট্রাম্পের সঙ্গে অন্য বিশ্বনেতাদের জলবায়ু পরিবর্তন, ব্যবসা ও অভিবাসন বিষয়ে তীব্র মতপার্থক্য সৃষ্টি হয়।

এর কয়েকদিন পরই ট্রাম্প ২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে আসার ঘোষণা দেন।

মেরকেল সে কথা স্মরণ করে বলেন, “অবশ্যই মতপার্থক্য আছে, এটাকে অস্বীকার করার কিছু নেই, আমি তা করতেও চাই না।”

এবারের জি-২০ সম্মেলনের আগেই ট্রাম্প প্রশাসন চীনের সঙ্গে ব্যবসার ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়ে রেখেছে, যার মধ্যে আছে চীন থেকে স্টিল আমদানিতে শুল্কারোপ।

সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুরস্কের  প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানও উপস্থিত থাকবেন।

এ দুজনের সঙ্গে মেরকেল এবং অন্য ইউরোপীয় নেতাদের সম্পর্কও উষ্ণ নয়। 

এসব কারণে সম্মেলনজুড়ে ব্যাপক কথার লড়াই চলবে বলে পূর্বাভাস বার্তা সংস্থা রয়টার্সের।