পার্লামেন্টে আস্থা ভোটের মুখে মে সরকার
পার্লামেন্টে আস্থা ভোটের মুখে পড়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে’র সরকার।
মে’র সরকারি পরিকল্পনা নিয়ে বৃহস্পতিবারই ভোটভুটি হওয়ার কথা রয়েছে পার্লামেন্টে। হাউজ অব কমন্সের সদস্যরা মে’র বিচারবিভাগীয় পরিকল্পনা (রানির ভাষণ) নিয়ে ভোটাভুটি করবে।
মে’র ক্ষমতায় থাকা না থাকার ব্যাপারে এ ভোটকে খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসাবেই দেখা হচ্ছে।
যুক্তরাজ্যে আগাম নির্বাচনে বিপর্যয়কর ফলের মাত্র তিন সপ্তাহ পর নেতৃত্ব এবং ব্রেক্সিট প্রক্রিয়া নিয়ে দোলাচলের মধ্যে মে এ ভোটের মুখে পড়লেন।
গত ৮ জুনের নির্বাচনে মে’র কনজারভেটিভ পার্টি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর ছোট্ট নর্দার্ন আইরিশ দল ডেমোক্র্যাটিক ইউনিয়নিস্ট পার্টির (ডিইউপি) সঙ্গে জোট বেঁধে পার্লামেন্টে যথেষ্ট ভোট পাওয়ার চেষ্টা চালিয়েছেন প্রধানমন্ত্রী। এ দলের ভোটের বদৌলতে পরিকল্পনা পাস হয়ে যাবে বলেও আশায় আছে সরকার।
গত সপ্তাহে রানি এলিজাবেথ ভাষণের মাধ্যমে পার্লামেন্টকে সরকারি পরিকল্পনা জানিয়েছিলেন। সেকথা উল্লেখ করে প্রধনমন্ত্রী মে’র মুখপাত্র বলেন, “আমরা অবশ্যই চাই যে, রানির ভাষণ পার্লামেন্টে পাস হোক।”
ডিইউপি’র ১০ এমপি কনজারভেটিভ দলের ৩১৭ সদস্যের সঙ্গে মিলে ভোট দিলে সংখ্যাগরিষ্ঠ ভোটে সরকারের পরিকল্পনা পাস হওয়ার যথেষ্ট সম্ভাবনা অবশ্য আছে।
তবে প্রধানমন্ত্রী মে’র নেতৃত্ব নির্বাচনের পর থেকেই প্রশ্নের মুখে পড়েছে। আগাম নির্বাচন ডেকে আশানুরূপ ফল পাননি মে। সেকারণে সুতোয় ঝুলছে তার নেতৃত্ব।
ওদিকে, পার্লামেন্টে ভোটাভুটিটাও খুব সহজ হবে না। কারণ বিরোধীদলগুলো অনেকগুলো সংশোধনীর প্রস্তাব দিয়েছে। এগুলো নিয়ে মে’র সমর্থকদের মধ্যে মতবিরোধ দেখা দেওয়ার আশঙ্কা আছে।
পার্লামেন্টের স্পিকার বলছেন, তিনটি সংশোধনী বিবেচনা করে দেখা হতে পারে। একটি হচ্ছে উত্তর আয়ারল্যান্ডে গর্ভপাতের অধিকার, আরেকটি হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার ব্যাপারে মে’র অবস্থান পরিবর্তন এবং তৃতীয়টি হচ্ছে কৃচ্ছ্র নীতি পরিহার করা।
