ইসরায়েলে সৌদি বিমানের ‘ভুয়া’ ছবি নিয়ে টুইটারে তোলপাড়
ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে পার্ক করে রাখা সৌদি আরবের জাতীয় বিমান পরিবহন সংস্থা সৌদিয়ার একটি উড়োজাহাজের ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হলে ছবিটি ভুয়া বলে জানায় সৌদিয়া কর্তৃপক্ষ।
রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টির জন্য চক্রান্ত করে এই ভুয়া ছবি অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি তাদের।
সৌদিয়ার মুখপাত্র আব্দুলরহমান আল-তায়েব বলেন, “কেউ কেউ আছেন যারা ব্যাপক ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, গুজব ও অতিরঞ্জিত খবর ছড়িয়ে সৌদিয়ার মত একটি এয়ারলাইন যারা জাতীয় প্রতীক তাদের ক্ষতি ও বদনাম করতে চাইছে।”
“দুর্ভাগ্যক্রমে কেউ কেই সেগুলোর সত্যতা যাচাই না করেই রি-টুইট করছে। তাদের কাজের দায় তাদের নিতে হবে এবং আইন অনুযায়ী তাদের শাস্তি হবে।”
তবে এই কেউ কেউ বলতে তিনি কাদের কথা বলেছেন যে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি আল-তায়েব।
যদিও এই কেউ কেউ বলতে প্রতিবেশী দেশ কাতারের সমর্থকদের বোঝানো হয়েছে, সেটা বুঝতে কারও অসুবিধা হয়নি।
‘সন্ত্রাসবাদের মদদদাতা’ অভিযোগ গত ৫ জুন সৌদি আরবের নেতৃত্বে গল্ফ আরব দেশ সংযুক্ত আরব আমিরাত, মিশর, বাহরাইন ও ইয়েমেন কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে।
আদতে মূল ছবিটি বার্তা সংস্থা রয়টার্সের তোলা। আসল ছবিতে বেন গুরিয়ন বিমানবন্দরে ইসরায়েলের জাতীয় বিমানপরিবহন সংস্থা এল আল এর একটি উড়োজাহাজ পার্ক করা আছে।
সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। দুই দেশের মধ্যে অনানুষ্ঠানিক যোগাযোগ নিয়ে গণমাধ্যমে খবরের বিষয়েও সৌদি কর্তৃপক্ষ খুবই সংবেদনশীল আচরণ করে বলে জানায় বিবিসি।
বাস্তবে ২০১৫ সালের মে মাসে বেন গুরিয়ন বিমানবন্দরে সৌদিয়ার একটি খালি উড়োজাহাজ অবতরণ করেছিল। বেকার পড়ে থাকা ওই উড়োজাহাজটি পর্তুগালের একটি কোম্পানিকে লিজ দেওয়া হয়েছিল।কিন্তু গণমাধ্যমে সেই খবর প্রকাশের পর সৌদিয়া কর্তৃপক্ষ লিজ বাতিল করে।
