২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মসুল: আইএসের পাল্টা হামলা প্রতিরোধ ইরাকি বাহিনীর

ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুলে ইরাকি বাহিনীর ক্রমবর্ধমান চাপের মধ্যে পড়া তথাকথিত ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা পাল্টা হামলা চালিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2017, 03:30 PM

Updated : 11 Apr 2022, 11:50 PM

বিবিসি জানিয়েছে, দেশটির উত্তরাঞ্চলীয় ওই শহরটির বিভিন্ন অংশে বহু আত্মঘাতী বোমারুকে মোতায়েন করেছে জঙ্গিগোষ্ঠীটি, কিন্তু উপদ্রুত এলাকাগুলো দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে দাবি করেছেন ইরাকি বাহিনীর কর্মকর্তারা।

বর্তমানে মসুলের পুরনো শহরের এক বর্গমাইলের মতো একটি এলাকার মধ্যে আইএসের জঙ্গিরা অবরুদ্ধ হয়ে পড়েছে। তাদের মসুল থেকে নিশ্চিহ্ন করে দিতে এখন চূড়ান্ত অভিযান চালাচ্ছে ইরাকি বাহিনীগুলো।

মসুলে আইএসের দিন শেষ হয় এসেছে, এটি পরিষ্কার বলে জানিয়েছেন বিবিসির প্রতিনিধি ওরলা গুয়েরিন; তিনি মসুলের পুরনো শহরে ইরাকি বাহিনীর সঙ্গে আইএসের অবস্থানের দিকে অগ্রসর হচ্ছেন।

গত বুধবার জঙ্গিরা মসুলের বৈশিষ্ট্যসূচক স্থাপত্য আল নুরি মসজিদ বোমা মেরে উড়িয়ে দেয়। এতে আইএসের ওই আস্তানার দিকে ইরাকি বাহিনীর দ্রুত এগিয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়।

রোববার আইএসের অবস্থানে ২০ বারের মতো বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনী। রাতে আরও হামলা চালানো হয়। হেলিকপ্টার গানশিপ দিয়ে আইএসের অবস্থানগুলো লক্ষ্য করে ব্যাপক গোলাগুলি বর্ষণ করা হয়, পাশাপাশি ভূমি থেকে অসংখ্য মর্টারের গোলা নিক্ষেপ করা হয়।

রোববার রাতে আইএস দুটি পাল্টা হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।

পশ্চিম মসুলের আল তানাক, রাজম হাদিদ এবং আল ইয়ারমৌকে আইএস তিনটি পাল্টা হামলা চালিয়েছে বলে জানিয়েছে বাগদাদভিত্তিক কুর্দি বার্তা সংস্থা শাফাক নিউজ। এলাকা তিনটির বাসিন্দাদের বাড়িঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

প্রত্যক্ষদর্শী ত্রাণকর্মী স্যালি বেকার জানিয়েছেন, আইএসের একটি পাল্টা হামলার স্থান থেকে কয়েক দুই রাস্তা দূরে ছিলেন তিনি।

সেখানে অন্তত ২০ ইরাকি সেনার লাশ পড়ে থাকতে দেখেছেন তিনি। আহতের সংখ্যা আরও বেশি ছিল। জ্বলন্ত গাড়ির কারণে রাস্তাগুলো বন্ধ হয়ে ছিল বলে জানিয়েছেন স্যালি।

বিভিন্ন সূত্রের তথ্যানুযায়ী, পুরনো শহর থেকে প্রায় ২০ জন জঙ্গি বের হয়ে এসে বিভিন্ন অংশে হামলা চালাচ্ছে। পাশাপাশি জঙ্গিদের স্নাইপারদের কাছে নাইট ভিশন গগলস থাকায় ইরাকি বাহিনীকে খুব ধীরে ধীরে অগ্রসর হতে হচ্ছে বলে জানা গেছে।

ইরাকে আইএসের সবচেয়ে বড় এবং শেষ শক্তিশালী ঘাঁটি মসুল। ইউফ্রেতিস নদী তীরবর্তী এই গুরুত্বপূর্ণ শহরটি পুনরুদ্ধার করতে গত বছরের ১৭ অক্টোবর অভিযান শুরু করেছিল ইরাকি বাহিনী।

এই অভিযানে ইরাকি সরকারি বাহিনীর কয়েক হাজার যোদ্ধা, কুর্দি পেশরেগা যোদ্ধারা, সুন্নি আরব উপজাতির যোদ্ধারা এবং শিয়া বেসামরিক বাহিনীর সদস্যরা অংশ নিচ্ছে, আর যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর বিমানগুলো আকাশপথে হামলা চালিয়ে এবং তাদের সামরিক উপদেষ্টারা ভূমির লড়াইয়ে পরামর্শ দিয়ে ইরাকি বাহিনীগুলোকে সহায়তা করছে।