ভারতে ‘ট্রাম্প গ্রাম’
ভারতের হরিয়ানা রাজ্যের ছোট্ট গ্রাম মরোরার বাসিন্দারা তাদের গ্রামের নাম পরিবর্তন করে রেখেছে ট্রাম্প গ্রাম।
এনডিটিভি জানায়, গ্রামের প্রবেশমুখে বিশাল বড় একটি বিলবোর্ডে হিন্দি ও ইংরেজিতে লেখা ‘ট্রাম্প গ্রামে স্বাগতম’। বিলবোর্ডে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি হাসিমুখের ছবিও শোভা পাচ্ছে।
শুক্রবার গ্রামের নতুন নামকরণের দিন সারা গ্রামে ট্রাম্পের পোস্টার টানানো হয়, সাজানো হয় গাদা ফুলের মালা দিয়ে।
শিশু-কিশোরদের ট্রাম্পের ছবি সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে লাইন ধরে সারা গ্রাম ঘুরতে দেখা যায়।
তবে গ্রামবাসীরা নাম পরিবর্তন করলেও আনুষ্ঠানিকভাবে বা সরকারি কাগজপত্রে এখনও মরোরা নামই আছে।
ছবি: এনডিটিভি
এ উপলক্ষে পানি ও পয়োনিষ্কাশন নিয়ে কাজ করা বেসরকারি সংগঠন ‘সুলভ’ স্থানীয় কাউন্সিলকে গ্রামের নাম পরিবর্তন করার পরামর্শ দেয়।
গ্রামের নতুন নাম সরকারিভাবেও অনুমোদিত হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা আজিজ আহমেদ।
“সবাই এই গ্রামকে এখন শুধু ট্রাম্প গ্রাম হিসেবে চিনবে। গ্রামের সবাই দারুণ খুশি।”
