আফগান সেনাদের উর্দিতে যুক্তরাষ্ট্রের ‘অপচয়’ ২৮ মিলিয়ন ডলার
আফগানিস্তানের সেনাবাহিনীর জন্য বিশেষভাবে নির্মিত একটি উর্দি বানাতে যুক্তরাষ্ট্রের করদাতাদের অন্তত দুই কোটি ৮০ লাখ ডলার অপচয় হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা।
এক প্রতিবেদনে আফগান যুদ্ধের নিরিক্ষক হিসেবে নিয়োজিত যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর মহাপরিদর্শক জন সপকো বিষয়টি জানিয়েছেন, খবর বিবিসির।
বন-জঙ্গলে ছদ্মবেশ নিয়ে চলাফেরা ও শত্রুদের ওপর হঠাৎ আক্রমণের জন্য ওই বিশেষ ক্যামোফ্লাজ উর্দি বানানো হয়েছিল। কিন্তু মাত্র দুই দশমিক এক শতাংশ বনাঞ্চলের দেশ আফগানিস্তানের জন্য এ ধরনের উর্দি বানানো কতোটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
“আফগানিস্তানের পরিবেশের কথা বিবেচনায় নিয়ে যথোপযুক্তভাবে ওই সিদ্ধান্ত নেয়া হয়নি,” ১৭ পৃষ্ঠার এক প্রতিবেদনে বলেছেন তিনি।
২০০৭ সালে আফগানিস্তানের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আবদুল রহিম ওয়ারদাক ওই উর্দি পছন্দ করেছিলেন বলে জানিয়েছেন সপকো।
তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর যত ধরনের ক্যামোফ্লাজ উর্দি আছে ওয়ারদাকের পছন্দ করা উর্দির দাম তারচেয়েও বেশি ছিল।
ওয়ারদাকের সঙ্গে অনলাইনে উর্দি খোঁজার সঙ্গে জড়িত যুক্তরাষ্ট্রের কর্মকর্তারাও ওই প্রক্রিয়ায় সায় দিয়েছিলেন বলে সপকোর প্রতিবেদনে বলা হয়েছে। সেই সময় ওই কর্মকর্তারা তাদের প্রতিবেদনে লিখেছিলেন, ওয়ারদাক ‘তাই পছন্দ করেছে যা সে দেখেছে’।
এ বিষয়ে ইউএসএ টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে সপকো বলেন, “প্রতিরক্ষা মন্ত্রণালয় যদি বেগুনী কিংবা গোলাপী রঙ পছন্দ করে, তখন কি হবে? তবে কি আমরা কোনো প্রশ্ন ছাড়াই সৈন্যদের জন্য গোলাপী উর্দি কিনবো?”
একে ‘পাগলামি’ অ্যাখ্যা দিয়ে এই মহাপরিদর্শক বলেন, “ফ্যাশনের নামে আমরা করদাতাদের ২ কোটি ৮০ লাখ ডলার অপচয় করেছি, কারণ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে ওই উর্দি বেশ পছন্দ হয়েছিল।”
আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের চলমান দীর্ঘতম যুদ্ধে পেন্টাগনের অপচয় নিয়ে বেশ কয়েকবছর ধরে সপকোর দপ্তর সমালোচনা করে আসছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
