মসুলের গ্রান্ড মসজিদের দিকে এগিয়ে যাচ্ছে ইরাকি বাহিনী
তিন বছর আগে ইরাকের মসুল শহরের যে মসজিদ থেকে ইসলামিক স্টেট (আইএস) তাদের নিজস্ব ধরনের খিলাফতের ঘোষণা দিয়েছিল সেই গ্রান্ড মসজিদের দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে ইরাকি বাহিনী।
ইরাকি সামরিক বাহিনী বলেছে, মঙ্গলবার তাদের বাহিনীগুলো পুরনো মসুল শহরে আইএসের শক্তিকেন্দ্রটি ঘিরে ফেলেছে, এই এলাকার ভিতরেই ওই মসজিদটি অবস্থিত।
আট মাস আগে ইরাকে আইএসের রাজধানী হিসেবে পরিচিত মসুলে অভিযান শুরু করে ইরাকি বাহিনীগুলো। অভিযানে ইরাকি বাহিনীগুলোকে সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।
তারপর থেকে মসুলের অধিকাংশ এলাকা পুনরুদ্ধার করে ইরাকি বাহিনী। শুধু পুরনো শহরের আইএসের মূল শক্তিকেন্দ্রটি এখনও পুনরুদ্ধার করা সম্ভব হয়নি।
২০১৪ সালে এই এলাকায় অবস্থিত গ্রান্ড মসজিদের মেহরাব থেকে ইরাক ও সিরিয়ার দখলকৃত এলাকায় খিলাফতের ঘোষণা দিয়েছিল আইএসের শীর্ষ নেতা আবু বকর আল বাগদাদি।
এরপর থেকে ঘোষিত খিলাফত এলাকায় নিজস্ব ধরনের শাসন কায়েম করে জঙ্গিগোষ্ঠীটি।
কিন্তু গত এক বছর ধরে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও তাদের সমর্থিত বিভিন্ন বাহিনীর অভিযানের মুখে দুর্বল হয়ে পড়ে গোষ্ঠীটি। মসুল পুনরুদ্ধার করা সম্ভব হলে ইরাকে আইএসের শেষ শক্তিকেন্দ্রের পতন হবে।
