সিরিয়া: এবার ইরানি ড্রোনকে ভূপাতিত করল যুক্তরাষ্ট্র
সিরিয়ার দক্ষিণাঞ্চলে ইরানের তৈরি একটি ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্রের একটি জঙ্গি বিমান।
সিরিয়ার সরকার সমর্থিত বাহিনীগুলো ওই ড্রোনটি পরিচালনা করছিল বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা, খবর বিবিসির।
ড্রোনটি অস্ত্রসজ্জিত হতে পারে এবং তা ভূমিতে থাকা যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সেনাদের জন্য হুমকি হয়ে ওঠায় সেটিকে গুলি করে নামানো হয় বলে জানিয়েছেন তারা।
কিন্তু রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিবকোভ বলেছেন, ‘সন্ত্রাসবাদকে সহায়তা করতেই এই দুষ্কর্মটি করা হয়েছে।”
রোববার সিরিয়ার একটি জঙ্গি বিমান গুলি করে ভূপাতিত করার পর এই ড্রোনটিকে ভূপাতিত করল সিরিয়ার লড়াইরত যুক্তরাষ্ট্রের বাহিনী। এর আগে চলতি মাসে আরও কয়েকটি ড্রোন ভূপাতিত করেছিল তারা।
এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, মঙ্গলবার রাত প্রায় সাড়ে ১২টায় তানফের উত্তর-পূর্ব দিকে একটি এফ-১৫ জঙ্গি বিমান ড্রোনটিকে ভূপাতিত করে।
ভূপাতিত ড্রোনটি শাহেদ ১২৯ মডেলের ছিল, যে মডেলের ড্রোনগুলো ২০১২ সালে প্রথম চালু করেছিল ইরান।
এই মডেলের ড্রোনগুলো পাল্লা দুই হাজার কিলোমিটার এবং এগুলো বোমা ও ক্ষেপণাস্ত্র বহন করতে পারে বলে বিবৃতিতে জানানো হয়েছে।
সিরিয়ার পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে লড়াই তীব্র হয়ে ওঠার পর এ ধরনের ঘটনাগুলো রাশিয়ার সমর্থিত সিরিয়া ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর মধ্যে উত্তেজনা বৃদ্ধি করে তুলছে বলে জানিয়েছেন বিবিসির প্রতিনিধি।
পাশাপাশি ইসলামিক স্টেটের (আইএস) শীর্ষ ধর্মীয় নেতা তুর্কি আল বিনালিকে হত্যার কথাও ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।
গত মাসে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় বিনালি নিহত হয় বলে ঘোষণায় বলা হয়েছে। আইএসের সমর্থকরাও বিনালির মৃত্যুর খবর জানিয়েছে।
