পাকিস্তানের বিরুদ্ধে কঠোর হচ্ছেন ট্রাম্প
পাকিস্তানের মাটি থেকে প্রতিবেশী আফগানিস্তানে জঙ্গি হামলা ঠেকাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দিকেই যাচ্ছেন।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, ট্রাম্প প্রশাসন পাকিস্তানকে কিছু সহায়তা বন্ধ করে দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বলেছেন, পাকিস্তানের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য যেসব পদক্ষেপ নেওয়া নিয়ে আলোচনা চলছে তার মধ্যে রয়েছে- পাকিস্তানে চালক বিহীন বিমান (ড্রোন) হামলা বাড়িয়ে দেওয়া, পাকিস্তান থেকে কিছু মার্কিন সহায়তা প্রত্যাহার করা এবং সর্বোপরি পাকিস্তানকে দেওয়া অন্যতম নেটো-বহির্ভূত মিত্রদেশের মর্যাদা ফিরিয়ে নেওয়া।
অবশ্য, যুক্তরাষ্ট্রের কোনও কোনও কর্মকর্তা এসব পদক্ষেপে সফলতা আসবে কিনা তা নিয়ে সন্দিহান। তাদের যুক্তি হল, জঙ্গি গোষ্ঠীগুলোর জন্য পাকিস্তানের সমর্থন বন্ধে যুক্তরাষ্ট্রের আগের অনেক প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে। এক্ষেত্রেও তেমনটি ঘটতে পারে। তাছাড়া, ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ইতোমধ্যেই বেশ কিছুটা জোরদার হতে থাকায় ইসলামাবাদের সঙ্গে সম্পর্কে উল্লেখযোগ্য কিছু ঘটার সুযোগও কমেছে।
তবে মার্কিন কর্মকর্তারা বলছেন, তারা পাকিস্তানের সঙ্গে বৃহত্তর সহযোগিতার সম্পর্কই চাইছেন। সম্পর্কে ফাটল নয়। অন্তত আফগানিস্তানে ১৬ বছরের যুদ্ধ নিয়ে আঞ্চলিক পর্যালোচনা শেষ না হওয়া পর্যন্ত পাকিস্তানের সঙ্গে এ সহযোগিতার সম্পর্ক চান তারা।
বিশেষ কি ব্যবস্থা পাকিস্তানের বিরুদ্ধে নেওয়া হবে সে সিদ্ধান্ত এখনও হয়নি। আর আঞ্চলিক পর্যালোচনা শেষ না হওয়া পর্যন্ত এ ব্যপারে কোনও কথা বলতে অস্বীকৃতি জানিয়েছে হোয়াইট হাউজ এবং পেণ্টাগন। ওয়াশিংটনে নিয়োজিত পাকিস্তান দূতাবাসও এ ব্যাপারে তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি।
পেন্টাগনের মুখপাত্র অ্যাডাম স্টাম্প বলেছেন, “যুক্তরাষ্ট্র এবং পাকিস্তান জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বহু বিষয়েই এখনও অংশীদার হয়েই থাকবে।”
কিন্ত মার্কিন কর্মকর্তারা ট্রাম্প প্রশাসনের আলোচনা চালিয়ে যাওয়ার যে তথ্য দিয়েছেন তাতেই বোঝা যাচ্ছে পাকিস্তানকে আফগানিস্তানে হামলা পরিচালনাকারী জঙ্গিদের জন্য স্বর্গরাজ্য হিসাবে তুলে ধরতে যুক্তরাষ্ট্র আরও কঠোর পদক্ষেপের দিকেই পা বাড়াচ্ছে।
যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের যুদ্ধবিষয়ক বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তান তালেবান সংশ্লিষ্ট জঙ্গি সংগঠনগুলোকে জায়গা দিচ্ছে এবং তারা সেখান থেকে আফগানিস্তানে হামলা চালাতে সক্ষম হচ্ছে এমনকি অভিযানের পর পাকিস্তানের ভেতরে পুনরায় সংগঠিত হওয়ারও সুযোগ পাচ্ছে।
আফগানিস্তানে পাকিস্তানের ভূমিকার সমালোচনা দীর্ঘদিন ধরে করে আসছে কাবুলও। তবে জঙ্গিদের জন্য স্বর্গরাজ্য হিসেবে ব্যবহৃত হওয়ার অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে পাকিস্তান। গোয়েন্দা সংস্থা আইএসআই এর সঙ্গেও হাক্কানি নেটওয়ার্ক জঙ্গিদের সংশ্লিষ্টতা থাকার অভিযোগ পাকিস্তান নাকচ করে আসছে।
