২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাবুলে সরকার বিরোধী বিক্ষোভে গুলিতে নিহত ১

আফগানিস্তানের রাজধানী কাবুলে সরকার-বিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে অন্তত একজন নিহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2017, 05:28 PM

Updated : 11 Apr 2022, 11:48 PM

প্রায় তিনসপ্তাহ আগে কাবুলের দূতাবাস এলাকায় প্রেসিডেন্ট ভবনের কাছে ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণে দেড়শতাধিক মানুষের মৃত্যু হয়।

তারপর থেকেই প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে নগরীর কেন্দ্রস্থলে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা সেখানেই তাঁবু টানিয়ে লাগাতার অবস্থান করছিল। তাদের দাবি, সরকার জনগণকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।

বিবিসি জানায়, মঙ্গলবার প্রথম প্রহরের দিকে নগরীর কেন্দ্রস্থল থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে স্থানীয় প্রশাসন সেখানে অভিযান চালায়।

প্রথমে অভিযানে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া যায়। পরে আফগানিস্তানের প্রধান নির্বাহী আব্দুল্লাহ আব্দুল্লাহ পুলিশের অভিযানে একজন নিহত এবং ছয়জন আহত হওয়ার খবর দিয়ে ‘রাতভর এ সহিংসতার’ পূর্ণ তদন্তের প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, “এ ধরনের ঘটনা সরকার ও জনগণের মধ্যে আস্থার সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে।”

বিক্ষোভকারীদের পক্ষ থেকে দুইজন নিহত হওয়ার তথ্য দেওয়া হয়েছে।

গত ৩১ মে’র বোমা হামলার পেছনে হাক্কানি নেটওয়ার্কের হাত রয়েছে বলে দাবি করেছেন আফগান গোয়েন্দা কর্মকর্তারা। তালেবান সংশ্লিষ্ট হাক্কানি নেটওয়ার্কের মদদদাতা পাকিস্তান বলে অভিযোগ রয়েছে।

যদিও তালেবান এবং হাক্কানি নেটওয়ার্ক উভয়ই ওই হামলার দায় অস্বীকার করেছে। ইসলামাবাদ থেকেও হাক্কানি নেটওয়ার্ককে মদদ দেওয়ার অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে।

বোমা হামলার একদিন পর থেকেই কাবুলে বিক্ষোভ শুরু হয়। প্রথমদিন বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার শেল ও ফাঁকা গুলি ছোড়ে। ওই দিনে পুলিশের গুলিতে অন্তত চারজন নিহত হয়।

নিহত চারজনের মধ্যে একজন এমপি’র ছেলেও ছিলেন। তার জানাজায় তিনটি আত্মঘাতী বোমা হামলায় আরও অন্তত সাত জন প্রাণ হারায়।

বিবিসি’র প্রতিবেদনের বলা হয়, আফগানিস্তানের এক-তৃতীয়াংশ মানুষ জঙ্গি হামলা নিয়ন্ত্রণে ব্যর্থ সরকারের পদত্যাগ চায়।