২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে সেনা সংখ্যা নির্ধারণের কর্তৃত্ব ‘পেন্টাগনের হাতে’

আফগানিস্তানে মার্কিন সেনা কত হবে তা নির্ধারণের কর্তৃত্ব প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিসকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2017, 02:43 PM

Updated : 11 Apr 2022, 11:46 PM

নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা জানিয়েছেন।

এর মাধ্যমে ভবিষ্যতে আফগানিস্তানে মার্কিন সেনা সংখ্যা বৃদ্ধির পথ সুগম হল যার অনুরোধ করে আসছিল মার্কিন কমান্ডাররা।

কর্তৃ্ত্ব পাওয়ার পর তাৎক্ষণিকভাবে ম্যাটিস সেনা সংখ্যা বাড়ানোর কোনো ঘোষণা দেননি বলে জানিয়েছেন ওই কর্মকর্তা ।

আফগানিস্তানে বর্তমানে ৮ হাজার ৪০০ মার্কিন সেনা মোতায়েন আছে। এসব সেনারা তালেবান ও আইএসবিরোধী যুদ্ধে দেশটির নিয়মিত বাহিনীর পরামর্শক হিসেবে কাজ করছে। তবে যুক্তরাষ্ট্রের সেনা কর্মকর্তারা অনেকদিন ধরেই আফগানিস্তানে মোতায়েন সেনার সংখ্যা বাড়ানোর অনুরোধ জানিয়ে আসছিলেন।

কিন্তু প্রতিরক্ষামন্ত্রীর সেনা মোতায়েনের কর্তৃত্ব পাওয়া বা আফগানিস্তানে মোতায়েন সেনার সংখ্যা বাড়ানো হবে কি না সে সম্পর্কে কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় (পেন্টাগন) ।

ম্যাটিস এর আগে ইরাক এবং সিরিয়ায় সেনা সংখ্যা নির্ধারণের কর্তৃত্ব পেয়েছিলেন, এবার আফগানিস্তানের সেনা নির্ধারণের কর্তৃত্বও তার হাতে এল।

প্রতিরক্ষামন্ত্রী ম্যাটিস কিছু দিন আগে মার্কিন কংগ্রেসকে সতর্ক করে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের যে সংখ্যক সেনা এখন আফগানিস্তানে আছে তাদের সহায়তা নিয়ে আফগান বাহিনী আগামী ১৫ বছরেও তালেবানকে পরাজিত করতে পারবে না।

তালেবানরা এখন আফগানিস্তানের বিভিন্ন অঞ্চল দাপিয়ে বেড়াচ্ছে জানিয়েছ এ পরিস্থিতি ‘অভিপ্রেত নয়’ বলে মন্তব্য করেন ম্যাটিস।

চার মাস আগে আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক বাহিনীর নেতৃত্বে থাকা মার্কিন সামরিক কর্মকর্তা জেনারেল জন নিকলসন আফগানিস্তানে আরও কয়েক হাজার মার্কিন সেনা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা জানিয়েছিলেন।

এরপর থেকেই যুক্তরাষ্ট্রের বর্তমান ও সাবেক কর্মকর্তারা আফগানিস্তানে আরও তিন থেকে পাঁচ হাজার সৈন্য বাড়ানো নিয়ে আলোচনা করছেন; যাদের বেশিরভাগ আফগান বাহিনী ও এয়ার ক্রুদের প্রশিক্ষণ দেবে।

আফগান সরকারের হিসাবমতে, এই বছরের ফেব্রুয়ারির ২০ তারিখ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সমর্থিত আফগান বাহিনীর নিয়ন্ত্রণে আছে আফগানিস্তানের  ৫৯ দশমিক ৭ শতাংশ ভূমি, যা গত বছরের একই সময়ের তুলনায় ১১ শতাংশ কম।