২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রানির ভাষণ পেছাল, মে’র সরকার গঠনে অনিশ্চয়তার ইঙ্গিত

যুক্তরাজ্যের নির্বাচনে কনজারভেটিভ দল একক সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর জোট সরকার গঠনে ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টির (ডিইউপি) সঙ্গে আলোচনা চলতে থাকায় পার্লামেন্টে রানি এলিজাবেথের ভাষণের দিন পিছিয়ে দেওয়া হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 12 Jun 2017, 10:04 PM

Updated : 11 Apr 2022, 11:45 PM

রানির এ ভাষণ পেছানোকে প্রধানমন্ত্রী টেরিজা মে’র সরকার গঠনে জটিলতা বা অনিশ্চয়তার ইঙ্গিত হিসাবেই দেখা হচ্ছে।

রানির ভাষণের মাধ্যমে যুক্তরাজ্যে নতুন পার্লামেন্টের কার্যক্রম শুরু হয়। এ ভাষণে রানি নতুন সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সংক্ষিপ্ত আকারে তুলে ধরেন। সরকার পক্ষ থেকেই ভাষণটি লিখে দেওয়া হয়।

১৯ জুন রানি দ্বিতীয় এলিজাবেথের নতুন পার্লামেন্টে ভাষণ দেওয়ার কথা ছিল।

কিন্তু এখনও নর্থ আয়ারল্যান্ডের দল ডিইউপি’র সঙ্গে দর কষাকষি শেষ করে উঠতে পারেনি মে’র দল কনজারভেটিভ পার্টি। যেকারণে রানির ভাষণের তারিখ কয়েকদিন পিছিয়ে দেওয়া হয়েছে বলে সোমবার বিবিসি’র প্রতিবেদনে জানানো হয়।

মঙ্গলবার ডেমক্রেটিক ইউনিয়নিস্ট পার্টির (ডিইউপি) নেতা আরলেন ফস্টারের সঙ্গে মে’র বৈঠক করার কথা রয়েছে।

ওদিকে, প্রধান বিরোধীদল লেবার পার্টি রানির ভাষণ পিছিয়ে যাওয়াকে সরকার ‘বিশৃঙ্খলার মধ্যে রয়েছে’ বলে মন্তব্য করেছে।

নির্বাচনে মে’র দলের ফল বিপর্যয়ের পর ব্রেক্সিট আলোচনায় এগিয়ে যাওয়া নিয়েও শঙ্কা দেখা দিয়েছে।

বিবিসি’র রাজনীতি বিষয়ক সহকারি সম্পাদক নরম্যান স্মিথ বলেন, রানির ভাষণ পিছিয়ে যাওয়া বর্তমান ‘অস্পষ্ট’ পরিস্থিতির কথাই বলছে।

তিনি বলেন, “নির্বাচনী ইশতেহারে দেওয়া অনেক প্রতিশ্রুতি থেকেই হয়তো কনজারভেটিভ দলকে সরে আসতে হবে। সেইসঙ্গে তাদের ডিইউপি’র সমর্থন পাওয়াও নিশ্চিত করতে হবে।”

রানির ভাষণ ছাগলের চামড়া দিয়ে তৈরি পার্চমেন্ট পেপারে লেখা হয়, যেটা শুকাতে কয়েকদিন সময় লাগে। যেহেতু টোরিদের সঙ্গে ডিইউপি’র দরকষাকষি এখনও চলছে, এর অর্থ রানির ভাষণ লেখা কাগজ যথা সময়ে প্রস্তুত হবে না। এটাও ভাষণ পিছিয়ে যাওয়ার একটি কারণ হতে পারে বলে বিশ্বাস বিবিসি’র।

রানির ভাষণ পিছিয়ে যাওয়ার ঘটনা খুব একটা ঘটে না। এর আগে ২০১০ সালে কনজারভেটিভ-লিবারেল ডেমোক্রেটিক জোট সরকারের সময় প্রচলিত নিয়ম অনুযায়ী, নির্বাচনের পর ২০ দিনের মধ্যে রানি ভাষণ দিতে পারেননি। আর ১৯৯২ সালে ভোটের প্রায় একমাস পর রানি ভাষণ দেন।