আফগান সৈন্যের গুলিতে ৩ মার্কিন সৈন্য নিহত
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগরহার প্রদেশে দেশটির এক সৈন্যের গুলিতে তিন মার্কিন সৈন্য নিহত ও অপর একজন আহত হয়েছে।
শনিবার নানগরহারের আচিন জেলায় ইসলামিক স্টেট (আইএস) ও তালেবান জঙ্গিদের সঙ্গে সরকারি বাহিনীর লড়াই চলাকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আয়াতুল্লাহ খোজিয়ানি।
ওই সময় আফগান সৈন্যদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সৈন্যরাও জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করছিল বলে জানিয়েছেন তিনি। এ ঘটনায় ওই আফগান সৈন্যও নিহত হয়।
গুলিবর্ষণের কারণ পরিষ্কার নয় এবং এ বিষয়ে একটি তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছেন খোজিয়ানি।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় (পেন্টাগন) এক বিবৃতিতে পূর্ব আফগানিস্তানে তিন সৈন্য নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে। আহত অপর এক সেনাকে হাসপাতালে ভর্তির জন্য ওই এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানিয়েছে।
পেন্টাগনের বিবৃতিতে ঘটনার বিষয়ে বিস্তারিত না জানানো হলেও ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন, আফগান নিরাপত্তা বাহিনীর এক সদস্য হামলাটি চালিয়েছে। হামলাকারী নিরাপত্তা বাহিনীর সদস্য হলেও বাহিনীর মধ্যে লুকিয়ে থাকা জঙ্গি বলে নিশ্চিত করেছেন তিনি।
এক বিবৃতিতে তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, ওই হামলাকারী তালেবান সদস্য ছিল এবং তার গুলিতে চার মার্কিন সৈন্য নিহত ও অপর বেশ কয়েকজন আহত হয়েছে।
কয়েক বছর আগে বিদেশি সেনাদের ওপর আফগানিস্তানের সরকারি বাহিনীর অংশ হয়ে থাকা জঙ্গিদের ‘অভ্যন্তরীণ হামলা’ একটি বড় ধরনের সমস্যা হিসেবে দেখা দিয়েছিল। কিন্তু নিরাপত্তা কড়াকড়ি বৃদ্ধির পর সম্প্রতি এ ধরনের ঘটনা হ্রাস পেয়েছে।
তারপরও মার্চে একই ধরনের অপর একটি ঘটনায় এক আফগান সৈন্যের গুলিতে তিন মার্কিন সৈন্য আহত হয়েছিল।
