ব্রেক্সিট আলোচনা শুরুতে বাধা নেই: মেরকেল
যুক্তরাজ্যের নির্বাচনে কোনো দল একক সংখ্যাগোরিষ্ঠা না পেলেও সময়মত ব্রেক্সিট আলোচনা শুরুতে কোনো অসুবিধা দেখছেন না জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল।
ইউরোপীয় ইউনিয়ন আলোচনা শুরু করতে প্রস্তুত আছে জানিয়ে তিনি আরও বলেন, “আমার বিশ্বাস যুক্তরাজ্য নির্দিষ্ট সময়ের বিষয়টি কঠোর ভাবে মেনে চলবে।”
আগামী ১৯ জুন ব্রেক্সিট আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।
যুক্তরাজ্য একজন ভালো অংশীদার হিসেবে আলোচনায় অংশ নেবে বলেও আশা প্রকাশ করেছেন মেরকেল।
তিনি বলেন, “যুক্তরাজ্য ইউরোপের অংশ। এমনটি দেশটি আর খুব বেশিদিন ইউরোপীয় ইউনিয়নের অংশ না থাকলেও।”
ব্রেক্সিট প্রক্রিয়া এগিয়ে নিতে শুরুতেই পার্লামেন্টে বিরধিতার মুখে পড়ায় নিজ অবস্থান আরও দৃঢ় করতে এপ্রিলে হঠাৎ করেই আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন টেরিজা মে।
আগাম নির্বাচনের কারণ ব্যাখ্যায় তিনি বলেছিলেন, ব্রেক্সিট সামাল দেওয়ার মতো একটি নিশ্চিত, স্থিতিশীল ও শক্তিশালী সরকার প্রয়োজন।
অথচ বৃহস্পতিবারের নির্বাচনের পর আগের চেয়ে ৮টি কম আসন নিয়ে অন্য দলের সমর্থনে এখন সরকার গঠন করতে হবে মের দল কনজারভেটিভ পার্টিকে।
যেকারণে স্বাভাবিকভাবেই নির্ধারিত সময়ে ব্রেক্সিট আলোচনা শুরু অনিশ্চয়তার মুখে পড়েছে।
বিবিসি জানায়, নর্দান আইল্যান্ডের দল ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টি (ডিইউপি) সঙ্গে জোট বেঁধে সরকার গঠনের ঘোষণা দিয়েছেন মে।
ওয়েস্টমিনস্টারে ১০টি আসন পেয়েছে ডিইউপি।
বানিজ্য আলোচনার জন্য বর্তমানে মেক্সিকো সফরে আছেন মেরকেল।
মেক্সিকো সিটিতে শুক্রবার এক সংবাদ সম্মেলনে মেরকেল বলেন, “আমার ধারণা যুক্তরাজ্য ব্রেক্সিট আলোচনার যে পরিকল্পনার কথা জানিয়েছে তাতে অটল থাকবে।”
“আমরা দ্রুত আলোচনা চাই, আলোচনার জন্য যে সময় বেঁধে দেওয়া হয়েছে আমরা তাতে অটল থাকতে চাই। এ পরিস্থিতিতে আমার মনে হয় না আলোচনা পেছানোর পক্ষে কোনো পরামর্শে রাজি হওয়া যাবে।”
