২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মারাউয়ি: ফিলিপিন্সের পাশে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী

ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলীয় শহর মারাউয়িকে আইএস সংশ্লিষ্ট জঙ্গিদের হাত থেকে মুক্ত করতে দেশটির সেনাদের প্রযুক্তিগত সহযোগিতা দিচ্ছে যুক্তরাষ্ট্র।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2017, 04:43 PM

Updated : 11 Apr 2022, 11:44 PM

তবে যুক্তরাষ্ট্রের সেনারা যুদ্ধে অংশ নিচ্ছে না বলে ফিলিপাইনের সেনাবাহিনীর বরাতে জানিয়েছে বিবিসি।

শনিবার এক সংবাদ সম্মেলনে ফিলিপিন্সের সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল জো-আর হাররেরা যুক্তরাষ্ট্রের সহায়তার কথা নিশ্চিত করেন।

“তারা যুদ্ধ করছে না, কেবল আমাদের প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে,”বলেন তিনি।

ম্যানিলার যুক্তরাষ্ট্র দূতাবাসও ফিলিপিন্সে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের উপস্থিতির কথা নিশ্চিত করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গত ২৩ মে ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলীয় শহর মারাউয়ির দখল নেয় আইএস এর মিত্র মউত জঙ্গিরা। তারা সেখানে দীর্ঘ সময় ধরে যুদ্ধের প্রস্তুতিতে টানেল খুঁড়েছে, অস্ত্র ও খাদ্য মজুদ করেছে বলে ধারণা ফিলিপিন্স সরকারের।

ধারণা করা হচ্ছে, মারাউয়িতে ৪০ থেকে ২০০ জঙ্গি অবস্থান করছে। তাদের মধ্যে ফিলিপিন্স ছাড়াও ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারত, সৌদি আরব, চেচনিয়া ও মরক্কো থেকে আসা জিহাদিরাও আছে বলে সন্দেহ ফিলিপিন্সের সরকারি কর্মকর্তাদের।

দখল হারানোর পর থেকেই দক্ষিণাঞ্চলীয় শহরটিকে মুক্ত করতে চেষ্টা করছে ফিলিপিন্সের সেনাবাহিনী। যদিও সেই চেষ্টা এখনও কোনো পরিণতি পায়নি। 

শুক্রবার জঙ্গিদের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে ফিলিপিন্সের ১৩ সেনা নিহত হয়েছে বলে জানিয়েছেন জো-আর হাররেরা। 

এরপরই দেশটি একসময়কার মিত্র যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত সহায়তা নেওয়ার কথা জানায়।  প্রেসিডেন্ট রডরিগো দুতের্তের কট্টর যুক্তরাষ্ট্রবিরোধী অবস্থানের পরও জঙ্গিদমনে মার্কিন বাহিনীর সমর্থন নেওয়ার বিষয়টিকে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছে বিবিসি।

মারাউয়িতে অবস্থান নেওয়া জঙ্গিরা ইসনাইলন হাপিলনের অনুসারী বলে গত সপ্তাহে এক প্রতিবেদনে জানিয়েছিল রয়টার্স।

হাপিলনকে গত বছর দক্ষিণ পূর্ব এশিয়ায় আইএস এর ‘আমির’ ঘোষণা করে আইএস। তাকে জীবিত বা মৃত ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র ও ফিলিপিন্স সরকার।

হাপিনলের সঙ্গে আছে মউতদের দুই শীর্ষ নেতা ওমর ও আব্দুল্লাহ; এরা দুজনই ভাই বলে জানিয়েছে বিবিসি।

ফিলিপিন্সের সেনাবাহিনী অবশ্য শনিবার জানিয়েছে, তাদের ধারণা যুদ্ধে মউতের দুই শীর্ষ নেতা ওমর ও আব্দুল্লাহ নিহত হয়েছে। তবে তাদের এই ধারণার পক্ষে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।