২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পদত্যাগ করুন: টেরিজাকে করবিন

নির্বাচনে লক্ষ্য পূরণে ব্যর্থ হওয়ায় প্রধানমন্ত্রী টেরিজা মেকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন লেবার নেতা জেরমি করবিন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 09 Jun 2017, 01:31 PM

Updated : 11 Oct 2022, 02:08 PM

পুরনো খবর:

যুক্তরাজ্যের সামনে ঝুলন্ত পার্লামেন্ট

ওয়েস্টমিনস্টারে মে’র দল কনজারভেটিভ পার্টির একক সংখ্যাগোরিষ্ঠতা না পাওয়া এখন নিশ্চিত হয়ে গেছে। 

যদিও ভোটচিত্র দেখে মে’কে আগেই পদত্যাগ করতে বলেন করবিন।

ইসলিংটন নর্থ আসনে আবার জয়ের পর করবিন বলেন, “নিজের কর্তৃত্ব দৃঢ় করতে পার্লামেন্টে আরও সংখ্যাগোরিষ্ঠতা লাভের আশায় প্রধানমন্ত্রী আগাম নির্বাচন ঘোষণা করেছিলেন।”

“আগাম নির্বাচনের মাধ্যমে তিনি গণরায় জানতে চেয়েছিলেন। তিনি যা পেয়েছেন তা হলো; রক্ষণশীলরা আসন হারিয়েছে, ভোট হারিয়েছে, সমর্থন হারিয়েছে এবং আত্মবিশ্বাস হারিয়েছে।

“আমার মনে হয়, তার সরে দাঁড়ানোর জন্য এসব কারণই যথেষ্ট। বিশেষ করে এমন একটি সরকারের জন্য পথ ছেড়ে দেওয়া, যারা সত্যিকার অর্থেই এ দেশের জনগণের প্রতিনিধিত্ব করবে।”

বছরখানেক আগে ঐতিহাসিক গণভোটে ইউরোপীয় ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হওয়ার পক্ষে (ব্রেক্সিট) রায় দেয় যুক্তরাজ্যবাসী।

ইইউতে থেকে যাওয়ার পক্ষে প্রচার চালানো তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ওই রায়ের পর পদত্যাগ করলে দায়িত্ব নেন মে।

মে নিজেও ব্রেক্সিটের বিপক্ষে ছিলেন। কিন্তু প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর একটি সফল ব্রেক্সিট আলোচনার জন্য সব কিছু করার প্রতিশ্রুতি দেন তিনি।

কিন্তু ব্রেক্সিট প্রক্রিয়া এগিয়ে নিতে শুরুতেই পার্লামেন্টে বিরধিতার মুখে পড়ে নিজেদের অবস্থান আরও দৃঢ় করতে এপ্রিলে হঠাৎ করেই আগাম নির্বাচনের ঘোষণা দেন মে।

Image
ভোটের ফলে দেখে দলীয় এমপি এমিলি থর্নবেরির সঙ্গে উচ্ছ্বসিত জেরেমি করবিন- ছবি: রয়টার্স

ভোটের ফলে দেখে দলীয় এমপি এমিলি থর্নবেরির সঙ্গে উচ্ছ্বসিত জেরেমি করবিন- ছবি: রয়টার্স

এদিকে ব্রেক্সিটের পক্ষে রায় আসার পর লেবার সমর্থকদের ধীরে ধীরে উজ্জীবিত করে তোলেন মধ্য বাম লেবারদের মধ্যে কট্টর বাম হিসেবে পরিচিত করবিন।

বৃহস্পতিবারের নির্বাচনে মে’র সঙ্গে তার হাড্ডা-হাড্ডি লড়াইয়ের আভাসও পাওয়া গিয়েছিল।

কিন্তু নির্বাচনের মাত্র পাঁচ দিন আগে লন্ডনে সন্ত্রাসী হামলা লেবারদের কিছুটা পেছনে ঠেলে দিয়েছে বলে মনে করা হচ্ছে।

দুই সপ্তাহের কম সময়ের ব্যবধানে পরপর দুইটি সন্ত্রাসী হামলায় ৩০ জন নিহত হওয়ার পর স্বাভাবিকভাবেই নিরাপত্তা বিষয়টি ভোটে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে।

লন্ডন হামলাকে পুঁজি করে নির্বাচনে প্রচার চালিয়েছিলেন মে। এমনকি তিনি সন্ত্রাস দমনে প্রয়োজনে মানবাধিকার আইন পরিবর্তনের কথাও বলেছেন।

কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালে পুলিশের বাজেট কমানোয় সন্ত্রাসী হামলার দায় মে’র ঘাড়েও পড়েছে।

যদিও গতবারের তুলনায় এবার উভয় দলেরই ভোট বেড়েছে।

এবার লেবারদের ভোট সাড়ে ৯ শতাংশ এবং টোরিদের ভোট সাড়ে ৫ শতাংশ বেড়েছে; বড় অন্য দলগুলোর ভোট কমেছে, সবচেয়ে বেশি ১০ শতাংশ কমেছে ইউনিয়নিস্ট পার্টির।

কনজারভেটিভ দলের চেয়ে আসন কম পেলেও এবার ভোটের ফলে খুশি করবিন বলেন, এটা ভবিষ্যতের জন্য আশা জাগানিয়া।