২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাতার সংকটের জন্য দায়ী রাশিয়ার হ্যাকাররা!

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্রদেশগুলোর মধ্যে সংকটের জন্য রাশিয়ার হ্যাকাররা দায়ী বলেই বিশ্বাস যুক্তরাষ্ট্রের তদন্ত কর্মকর্তাদের।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 07 Jun 2017, 08:15 PM

Updated : 11 Apr 2022, 11:43 PM

তাদের ধারণা, রাশিয়ার হ্যাকাররা কাতারের রাষ্ট্রীয় বার্তা সংস্থার ওয়েবসাইট হ্যাক করে ভুয়া সংবাদ ছড়িয়ে এ সংকট সৃষ্টি করেছে।

কাতার ও যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন জানায়, এফবিআই সম্প্রতি কাতার সরকারকে হ্যাকিংয়ের ঘটনা তদন্তে সহায়তার জন্য তদন্ত কর্মকর্তাদের একটি টীম সেখানে পাঠিয়েছে।

ওই তদন্ত কর্মকর্তারাই উপসাগরীয় সংকটের পেছনে রাশিয়ার হ্যাকারদের জড়িত থাকার কথা নিশ্চিত করেছেন বলে সিএনএন কে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংস্থাগুলোর সংগ্রীহিত গোয়েন্দা তথ্য থেকে আভাস পাওয়া গেছে যে, রাশিয়ার হ্যাকারদের এই অনুপ্রবেশের বিষয়টি কাতার সরকারই দু’সপ্তাহ আগে প্রথম জানিয়েছিল। কাতারে আছে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি।

ফলে কাতারে রুশ হ্যাকারদের হস্তক্ষেপের খবরে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা এবং আইনপ্রয়োগকারী সংস্থাগুলো এই ভেবে উদ্বিগ্ন যে, রাশিয়া ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের জন্য যে সাইবার-হ্যাকিং পদ্ধতি ব্যবহার করেছিল সেই একই পদ্ধতি তারা যুক্তরাষ্ট্রের মিত্রদেশগুলোর ওপরও ব্যবহারের চেষ্টা করে যাচ্ছে।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্র ও এর মিত্রদেশগুলোর মধ্যে বিরোধ বাধানোই রাশিয়ার উদ্দেশ্য বলে মনে করছেন তারা। সম্প্রতি কয়েকমাসে ফ্রান্স, জার্মানি ও অন্যান্য দেশগুলোর নির্বাচনের মধ্যে ভুয়া সংবাদ ছড়ানোসহ রাশিয়ার সন্দেহজনক সাইবার তৎপরতার বিষয়টি সামনে এসেছে।

তবে কাতারে হ্যাকিংয়ের যে ঘটনার কথা যুক্তরাষ্ট্র বলছে তাতে রশিয়ার অপরাধী সংগঠন কিংবা রাশিয়ার নিরাপত্তা বাহিনী জড়িত কি-না, সে বিষয়টি এখনও পরিষ্কার নয়। কিন্তু এক মার্কিন কর্মকর্তা বলেছেন, অতীত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বলা যায়, “সে দেশে (রাশিয়া) সরকারের আশীর্বাদ ছাড়া তেমন কিছু ঘটে না।”

এ ব্যাপারে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই ও সিআইএ কোনও মন্তব্য করেনি। ওদিকে, ওয়াশিংটনে কাতার দূতাবাসের এক মুখপাত্র বলেছেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং এর ফল খুব শিগগিরই জানানো হবে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বুধবার তাদের বিরুদ্ধে হ্যাকিং এবং ভুয়া খবর ছড়ানো নিয়ে সিএনএন এর প্রতিবেদন ভুয়া বলে উড়িয়ে দিয়েছেন।

তিনি সাংবাদিকদের বলেন, “আরেকটি মিথ্যা খবর প্রচার করা হয়েছে। সিএনএন এ আমাদের সহকর্মীরা দুঃখজনকভাবে  বারবার এমন এমন সব সূত্র, সংস্থার উল্লেখ করে খবর প্রচার করছেন যেগুলোর কোন নামপরিচয় নেই। এই সমস্ত ভ্রান্ত তথ্যের সঙ্গে বাস্তবের কোনও যোগসূত্র নেই। এগুলো বাস্তবতা বিবর্জিত। ভুয়া হচ্ছে ভুয়াই।”

কাতার সরকার বলছে, গত ২৩ মে কাতার সংবাদ সংস্থার ওয়েবসাইটে একটি ভুল প্রতিবেদন প্রকাশ করা হয়। যেটিতে ইরান এবং ইসরায়েল কে নিয়ে ইতিবাচক মন্তব্য করা হয় এবং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় টিকবেন কিনা তা নিয়ে প্রশ্ন তোলা হয়। কাতারের শাসককে নিয়ে ট্রাম্পের সমালোচনাও এতে উঠে আসে।

এর জবাবে প্রধান আরব ও উপসাগরীয় দেশগুলো কাতারের আল জাজিরাসহ কয়েকটি গণমাধ্যম বন্ধ করে দেয়। এরপরই কাতারের সঙ্গে একে একে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করাসহ আকাশ ও সড়ক যোগাযেগও বিচ্ছিন্ন করে তারা।

কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহম্মদ বিন আব্দুলরহমান আল থানি সিএনএন কে বলেছেন, নতুন কিছু তথ্যপ্রমাণে দেখা যাচ্ছে, দেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা হ্যাকিংয়ের শিকার হয়েছে। পুরো সংকটটাই ভুল তথ্যের ওপর ভিত্তি করে সৃষ্টি হয়েছে।”