২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্যারিসে পুলিশের উপর হামলাকারীকে গুলি

ফ্রান্সের রাজধানী প্যারিসের কেন্দ্রস্থলে নটর ডেম ক্যাথেড্রালের কাছে হামলা হয়েছে পুলিশের উপর।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 06 Jun 2017, 09:02 PM

Updated : 11 Oct 2022, 02:07 PM

লন্ডনের হামলার রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার প্যারিসে এই হামলা হল।

হামলাকারী পুলিশের গুলিতে আহত হয়েছে বলে পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে। হামলার উদ্দেশ্য কি তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান  নটর ডেম ক্যাথেড্রালে আটকে পড়া অনেকে গোলাগুলির আওয়াজ পাওয়ার কথা জানিয়েছেন।

ফরাসি পুলিশ বলেছে, নটর ডেম ক্যাথেড্রালের বাইরে এক ব্যক্তি হাতুড়ি নিয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা করার পর তাকে গুলি করা হয়েছে।

হামলাকারী বুকে আঘাত পেয়েছে বলে জানিয়েছে ফরাসি গণমাধ্যম। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

গণমাধ্যমে বলা হচ্ছে, হামলাকারী ক্যাথেড্রালের কাছে প্যারিসের পুলিশ সদরদপ্তরে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তার ওপর চড়াও হয়। এ সময় পুলিশের গুলির আওয়াজে দর্শণার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ এলাকাটি বন্ধ করে দিয়েছে এবং লোকজনকে দূরে সরে থাকতে বলেছে। এক টুইটার বার্তায় পুলিশ জানিয়েছে, “পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। একজন পুলিশ আহত হয়েছেন।”

ঘটনার বর্ণনায় এক মার্কিন পর্যটক বলেন, “আমি কেবল ক্যাথেড্রালে ঢুকছিলাম। তখনই শোরগোল শুনতে পাই। গুলির আওয়াজ কানে আসে। ঘুরে দাঁড়িয়েই দেখি হামলাকারী গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে আছে। সব নিরাপদই ছিল। পরিস্থিতি খুব দ্রুত সামাল হয়েছে।”

প্যারিসে ২০১৫ সালে জঙ্গি হামলায় ১৩০ জন নিহত হওয়ার পর থেকে ফ্রান্সে জরুরি অবস্থা জারি রয়েছে।