ভারতে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় নিহত ২২
ভারতের উত্তর প্রদেশে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে।
বিবিসি’র খবরে বলা হয়, সোমবার ভোরে বেরেলি শহরে ওই দুর্ঘটনা হয়। সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায়।
নিহত ২২ জনের শরীরই এমনভাবে পুড়ে গেছে যে তাদের সনাক্ত করা সম্ভব হচ্ছে না বলে জানান পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
পুলিশ ট্রাকের চালককে খুঁজছে বলেও জানান তিনি।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, সংঘর্ষের কারণে বাসের দরজা আটকে গিয়েছিল। ফলে বেশিরভাগ যাত্রী বাস থেকে নামতে পারেননি।
কয়েকজন জানালা ভেঙ্গে বাইরে বেরিয়ে নিজেদের প্রাণ বাঁচাতে সক্ষম হন।
বাসটিতে ৪১ জন যাত্রী ছিল বলে জানান উত্তর প্রদেশ পুলিশের মুখপাত্র রাহুল শ্রীবাস্তব। আহত যাত্রীদের হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কাও প্রকাশ করেন তিনি।
এক পরিসংখ্যানে দেখা গেছে, ভারতে প্রতি চার মিনিটে একটি সড়ক দুর্ঘটনা হয়।
বেশিরভাগ দুর্ঘটনার জন্য চালকের গাফিলতি, ভাঙা সড়ক এবং ফিটনেস বিহীন যানবাহন দায়ী।
