যুক্তরাজ্যে নির্বাচন সময়মতই হবে: টেরিজা মে
লন্ডনে সন্ত্রাসী হামলার পরও জাতীয় নির্বাচন নির্ধারিত ৮ জুনেই অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করে জানিয়েছেন যুক্তরাজে্যর প্রধানমন্ত্রী টেরিজা মে।
ডাউনিং স্ট্রিটের বাইরে সাংবাদিকদের তিনি বলেন, “নৃশংসতাকে কখনওই গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিঘ্ন ঘটাতে দেওয়া হবে না।” তিনি বিশেষভাবে উল্লেখ করে বলেন, সোমবার থেকে আবারও পুরোদমে নির্বাচনী প্রচার শুরু হবে।
শনিবার সাপ্তাহিক ছুটির রাতে লন্ডন ব্রিজে ভিড়ের মধ্যে ভ্যান চালিয়ে দিয়ে এবং ছুরি নিয়ে হামলায় অন্তত সাতজন নিহত হয়।
নির্বাচনের চারদিন আগে এ হামলার পর যুক্তরাজ্যের বেশিরভাগ রাজনৈতিক দলই নির্বাচনী প্রচারে সাময়িক বিরতির ঘোষণা দিয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচন পিছিয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
কিন্তু মে জানিয়ে দিয়েছেন, হামলা সত্ত্বেও নির্বাচন সময়মতই হবে। তিনি নিরীহ, নিরস্ত্র জনতার ওপর হামলার ঘটনারও নিন্দা জানিয়ে বলেন, “যথেষ্ট হয়েছে।”
শনিবার স্থানীয় সময় ১০টার দিকে লন্ডন ব্রিজে ভিড়ের মধ্যে একটি ভ্যান চালিয়ে দেয় তিন হামলাকারী। তার পরপরই তারা সাদা রঙের ওই ভ্যান থেকে ছুরি হাতে বেরিয়ে আসে এবং কাছের বারা মার্কেট এলাকায় সাধারণ মানুষের ওপর হামলা চালায়।
টেমস ব্রিজের দক্ষিণ দিকে ওই এলাকা রেস্তোরাঁ ও পাবের জন্য পরিচিত। সাপ্তাহিক ছুটির রাত হওয়ায় হামলার সময় বেশ ভিড় ছিল সেখানে।
হামলা শুরুর ৮ মিনিটের মাথায় বারা মার্কেট এলাকায় তিন হামলাকারীকে গুলি করে হত্যা করে পুলিশ।
ম্যানচেস্টারে হামলার রেশ না কাটতেই ফের রাজধানী লন্ডনে রক্তাক্ত সন্ত্রাসী হামলা যুক্তরাজ্যের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে।
তিন মাসেরও কম সময়ে যুক্তরাজ্যে এটি তৃতীয় সন্ত্রাসী হামলা। মার্চে লন্ডনের ওয়েস্টমিনস্টার সেতুতে পথচারীদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়ে হামলার ঘটনায় ৫ জন নিহত হয়।
লন্ডন ব্রিজে হামলার পর রোববার সকালে হোয়াইটহলে জ্যেষ্ঠ মন্ত্রী ও যুক্তরাজ্য সরকারের জরুরি নিরাপত্তা বিষয়ক কোবরা কমিটির প্রধানদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী মে।
পরে ডাউনিং স্ট্রিটে মে বলেন, “হামলায় হতাহতদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রধান দুইটি রাজনৈতিক দল আজকের (রোববার) জন্য আমাদের জাতীয় নির্বাচনের প্রচার বাতিল করেছে।”
“কিন্তু নৃশংসতা কখনওই গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিঘ্ন ঘটাতে পারবে না, তাই আগামীকাল (সোমবার) থেকে পুরোদমে নির্বাচনী প্রচার শুরু হবে এবং পূর্বনির্ধারিত সময় অনুযায়ী বৃহস্পতিবারই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।”
প্রধান বিরোধীদল লেবার নেতা জেরেমি করবিন বলেন, হামলার খবরে তিনি ‘খুবই আহত হয়েছেন এবং আতঙ্কিত বোধ করছেন’।
“কিন্তু যদি আমরা এই ধরনের হামলাকে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিঘ্ন ঘটাতে দেই তবে আমরা সবাই হেরে যাব।”
