মসুলে আইএসের ‘কবল থেকে পালানোর সময় নিহত ৫০’
ইরাকের মসুল শহরের ইসলামিক স্টেটের (আইএস) নিয়ন্ত্রিত এলাকা থেকে পালানোর সময় বহু বেসামরিক লোক নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
মসুলের যে এলাকায় ইরাকি সশস্ত্র বাহিনীর সঙ্গে আইএস জঙ্গিদের লড়াই হচ্ছে তার খুব কাছেই একটি সড়কে শনিবার বহু লাশ পড়ে থাকতে দেখেছেন রয়টার্স টেলিভিশনের এক ক্রু।
এসব নিহতদের মধ্যে শিশু, নারী ও পুরুষের লাশ রয়েছে। পূর্ববর্তী দুই দিনে এদের হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশগুলোর আশপাশে নিহতদের ব্যাগগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল।
ওই সড়কটি আইএস নিয়ন্ত্রিত যানজিলি এলাকা থেকে বের হওয়ার পথ বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। মসুলের যে তিনটি এলাকা এখনও আইএসের নিয়ন্ত্রণে আছে যানজিলি তারমধ্যে অন্যতম।
যানজিলির যুদ্ধক্ষেত্র দেখা যায়, মসুলের এমন একটি ভবনের ছাদ থেকে রয়টার্স টেলিভিশনের ক্রু ও ত্রাণ সংস্থা ফ্রি বার্মা রেঞ্জার্স এর সদস্য ডেভ ইউব্যাঙ্ক বলেন, “গত দুদিন ধরে ওই এলাকাটি থেকে যারাই বের হওয়ার চেষ্টা করেছে তাদের গুলি করেছে আইএসআইএস জঙ্গিরা।
“আমি গতকাল ৫০টিরও বেশি লাশ দেখেছি। আমরা আমেরিকানদের সঙ্গে কাজ করছি। একটি ইরাকি ট্যাংকের পিছু পিছু গিয়ে আমরা একটি ছোট বালিকা ও একজন পুরুষকে উদ্ধার করেছি। তবে সেখানে আরো অনেকে ছিল,” বলেছেন তিনি।
আইএসের হামলার পরও যানজিলি থেকে পালিয়ে আসা কয়েকশত লোক সরকারি বাহিনীর নিয়ন্ত্রিত এলাকায় পৌঁছতে সক্ষম হয়। এদের মধ্যে কিছু লোক আহত ছিলেন, আবার কারো কারো সঙ্গে কম্বলে মোড়ানো নিহত স্বজনের লাশ ছিল।
এক তরুণ জানিয়েছেন, কয়েকদিন আগে বেসামরিক লোকজনের একটি দলের সঙ্গে পানি সংগ্রহ করার সময় বিমান হামলায় হাতে আঘাত পান তিনি, তাদের দলের মধ্যে আইএসের এক জঙ্গি লুকিয়ে থাকায় তাদের লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়।
“আমরা দুই-আড়াইশ লোক ছিলাম। আমরা সবাই আঘাত পাই কিন্তু দায়েশের (আইএস) লোকটি পালিয়ে যায়,” বলেন তিনি।
মসুলে অভিযান শুরুর পর জানুয়ারিতে আইএসের নিয়ন্ত্রণ থেকে পূর্ব মসুল পুনরুদ্ধার করে ইরাকি বাহিনী। মে মাসের শেষ দিকে জঙ্গিগোষ্ঠীটির দখলে থাকা পশ্চিম মসুলের অবশিষ্টাংশ পুনরুদ্ধারে অভিযান শুরু করে তারা। এ অভিযান শুরুর পর আইএসের দখলে থাকা পশ্চিম মসুলের তিনটি এলাকায় আটকে পড়া বেসামরিক বাসিন্দারা ভয়াবহ পরিস্থিতিতে পড়েছে।
