২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্যারিস জলবায়ু চুক্তিতে অটল থাকবে চীন

জলবায়ু পরিবর্তন রোধের লড়াইয়ে বৈশ্বিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বের হয়ে যেতে পারে এমন সম্ভাবনার মধ্যে চীন এ চুক্তিতে অটল থাকার অঙ্গীকার করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2017, 08:56 PM

Updated : 11 Apr 2022, 11:41 PM

চীনের প্রধানমন্ত্রী বলেছেন, জলবায়ু পরিবর্তন রোধে তার দেশ প্রতিশ্রুতি রক্ষা করবে। জার্মানি সফরকালে চীনের প্রধানমন্ত্রী লি খাখিয়াং বলেন, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে চীন তার নিজের স্বার্থেই লড়বে। আর অন্য দেশগুলোকেও চীন একই দৃষ্টান্ত অনুসরণ করতে বলছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৫ সালে প্যারিসে হওয়া এ বৈশ্বিক জলবায়ু চুক্তির ব্যাপারে তার সিদ্ধান্ত ঘোষণা করবেন শিগগিরই। কয়েকটি প্রতিবেদনে বলা হচ্ছে, তিনি এ চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত ঘোষণা করতে পারেন।

কিন্তু এ সম্ভাবনার মাঝে চীনের প্রধানমন্ত্রী লি বলেছেন, “চীন প্যারিস চুক্তিতে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করে যাবে। তবে আমরা অবশ্যই অন্যদের সহযোগিতাতেও একাজটি করার আশা করব।”

২০১৫ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে হওয়া জলবায়ু চুক্তিটিই এখন পর্যন্ত জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সবচেয়ে বড় বৈশ্বিক চুক্তি। এ চুক্তিতে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির গড় হার দুই ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখতে বিশ্বের দেশগুলো একমত হয়।

চুক্তি সমর্থন করেছিল বিশ্বের সবচেয়ে বেশি কার্বনডাই-অক্সাইড নির্গমকারী দুই দেশ চীন ও যুক্তরাষ্ট্র। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের বড় ভূমিকা ছিল এতে।

কিন্তু যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ চুক্তিতে অন্তরায় হয়ে দাঁড়িয়েছেন। জলবায়ু পরিবর্তনের পেছনে মানুষের কোনও হাত নেই বলে বিশ্বাস করেন তিনি।

যুক্তরাষ্ট্রের শিল্পকারখানাকে দুর্বল করার জন্য জলবায়ু চুক্তিটিকে একটি ফাঁদ বলে মনে করেন ট্রাম্প। আর তাই নির্বাচনী প্রচারের শুরু থেকেই ট্রাম্প প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে আসার কথা বলে এসেছেন। আর ক্ষমতায় আসার পরও তিনি সেই লক্ষ্যেই কাজ করছেন।

তবে বৃহৎ উন্নয়নশীল দেশ হিসাবে চীন বলেছে, জলবায়ু পরিবর্তন রোধের চেষ্টায় চীনের আন্তর্জাতিক দায়-দায়িত্ব আছে।

ব্রাসেলসের বৈঠকে চীনা ও ইইউ নেতারা প্যারিস জলবায়ু চুক্তিকে যে কোনও সময়ের চেয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে একটি যৌথ বিবৃতি দেবে বলে মনে করা হচ্ছে।