‘প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে যেতে চান’ ট্রাম্প
প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার কথা ভাবছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
নির্বাচনী প্রচারের সময় থেকেই জলবায়ু বিষয়ক আন্তর্জাতিক চুক্তিগুলো থেকে যুক্তরাষ্ট্রের সমর্থন তুলে নেওয়ার কথা জোর গলায় বলছেন ট্রাম্প।
অতীতে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিকে ‘ধাপ্পাবাজি’ বলেও বর্ণনা করেছেন তিনি।
যদিও প্যারিস জলবায়ু চুক্তি বিষয়ে বুধবার নিজের টুইটে স্পষ্ট করে কিছু বলননি ট্রাম্প।
তার টুইট, “আগামী কয়েকদিনের মধ্যে প্যারিস চুক্তি নিয়ে আমি আমার সিদ্ধান্ত জানাব।”
গত শনিবার জি৭ (বিশ্বের শীর্ষ ধনী দেশগুলোর সম্মেলন) সম্মেলনেও জলবায়ু চুক্তিতে অনুমোদন দিতে অস্বীকৃতি জানান ট্রাম্প।
তারপর এক টুইটে তিনি এ সপ্তাহে জলবায়ু চুক্তির বিষয়ে সিদ্ধান্তে আসার কথা জানিয়েছিলেন।
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় একজোট হয়ে লড়াইয়ের জন্য ২০১৫ সালের ডিসেম্বরে প্যারিসে এক সম্মেলনে জলবায়ু চুক্তি সই হয়, যেখানে বিশ্বের বেশিরভাগ দেশ স্বাক্ষর করে।
বিশ্বের ১৯৭টি দেশের মধ্যে ১৯৫টি দেশ প্যারিস জলবায়ু চুক্তিতে স্বাক্ষর করেছে। শুধুমাত্র সিরিয়া ও নিকারাগুয়া ওই চুক্তিতে স্বাক্ষর করেনি।
ওই চুক্তিতে কার্বন নিঃসরণ কমিয়ে আনা এবং নিয়মিত অগ্রগতি পর্যালোচনার বিষয়ে দেশগুলো নিজেরা আইনি বাধ্যবাধকতা আরোপের প্রতিশ্রুতি দিয়েছে।
তবে প্রতিশ্রুতি পূরণে দেশগুলোর ওপর কোনো আইনি বাধ্যবাধকতা প্যারিস চুক্তিতে রাখা হয়নি।
চুক্তির প্রধান পয়েন্টগুলো হল:
• যত দ্রুত সম্ভব দেশগুলোকে তাদের গ্রিনহাউস গ্যাস নিঃসরণের মাত্রা সর্বোচ্চ পর্যায় থেকে কমিয়ে আনার পদক্ষেপ নিতে হবে এবং চলতি শতাব্দির দ্বিতীয়ার্ধের মধ্যে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ নির্ধারিত মাত্রার নিচে নামিয়ে আনতে হবে।
• বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ২ সেলসিয়াসের (৩ দশমিক ৬ ফারেনহাইট) ‘বেশ নিচে’ রাখতে হবে এবং তা ১ দশমিক ৫ সেলসিয়াসের নিচে রাখার চেষ্টা করতে হবে।
• প্রতি পাঁচ বছর অন্তর অগ্রগতি পর্যালোচনা করতে হবে।
• ভবিষ্যতে জলবায়ু তহবিল অব্যাহত রাখার প্রতিশ্রুতিসহ ২০২০ সাল পর্যন্ত প্রতি বছর উন্নয়শীল দেশগুলোর জন্য জলবায়ু তহবিল হিসেবে একশ বিলিয়ন ডলার বরাদ্দ করা হবে।
