২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা যুক্তরাষ্ট্রের

প্রথমবারের মতো সফলভাবে আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) হামলার বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারীতা পরীক্ষা করেছে যুক্তরাষ্ট্র।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2017, 10:32 AM

Updated : 11 Oct 2022, 02:04 PM

মঙ্গলবারের এ পরীক্ষায় প্রশান্ত মহাসাগরের মার্শাল দ্বীপপুঞ্জ থেকে আলাস্কার দক্ষিণাঞ্চলীয় জলসীমা লক্ষ্য করে কৃত্রিম একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও বিবিসি।

এরপর ক্যালিফোর্নিয়ার ভ্যন্ডেনবার্গ বিমান ঘাঁটি থেকে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য একটি ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী ইন্টারসেপ্টর ছুড়ে ওই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটিকে ধ্বংস করে দেওয়া হয় বলে জানিয়েছে দেশটির ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সংস্থা (এমডিএ)। 

পেন্টাগন জানিয়েছে, এই পরীক্ষাটি দীর্ঘদিনের পরিকল্পনার ফসল।

কিন্তু উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান উত্তেজনার মুখে এই পরীক্ষাটি করা হল। 

চলতি বছরে উত্তর কোরিয়া এ পর্যন্ত নয়টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। দেশটি নবম ক্ষেপণাস্ত্রটি ছোড়ার পরই যুক্তরাষ্ট্রর নিজেদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সফল পরীক্ষা করল।

এই পরীক্ষাটিকে ‘ক্রিটিকাল মাইলস্টোন’ বলে অভিহিত করেছেন এমডিএ-র পরিচালক ভাইস অ্যাডমিরাল জিম সাইরিং। 

তিনি বলেন, “আমাদের মাতৃভূমির প্রতিরক্ষার জন্য এই ব্যবস্থা অতি গুরুত্বপূর্ণ, আর এই পরীক্ষা দেখিয়েছে বাস্তব হুমকি মোকাবিলায় আমাদের একটি কার্যকর ও বিশ্বাসযোগ্য প্রতিরক্ষা ব্যবস্থা আছে।”

কৃত্রিম আইসিবিএমের বিরুদ্ধে ভূমিভিত্তিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার (জিএমডি) এটাই প্রথম সরাসরি পরীক্ষা।

এর আগে তিন সপ্তাহে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। সোমবার সকালে ছোড়া দেশটির সর্বশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি ১২০ কিলোমিটার উচ্চতায় উঠে ৪৫০ কিলোমিটার উড়ে গিয়ে জাপানের উপকূলে অবতরণ করে।