২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হোয়াইট হাউসের জনসংযোগ পরিচালকের পদত্যাগ

নিয়োগ পাওয়ার তিন মাসের মাথায় পদত্যাগ করলেন হোয়াইট হাউসের জনসংযোগ পরিচালক মাইক ডাবকি। 

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2017, 09:11 PM

Updated : 11 Apr 2022, 11:40 PM

বিবিসি জানিয়েছে, হোয়াইট হাউসের গণমাধ্যম কৌশল ঢেলে সাজানোর জন্য মার্চে অভিজ্ঞ রিপাবলিকান কৌশলবিদ ডাবকিকে নিয়োগ দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এই ঢেলে সাজানোর পরিকল্পনায় হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি শন স্পাইসার তার নিজের জায়গা ধরে রেখেছেন বলে জানা গেছে, তবে এখন থেকে গণমাধ্যমের সামনে কম আসবেন তিনি।

হোয়াইট হাউসের জনসংযোগ দলের মধ্যে বিশৃঙ্খলার কথা প্রকাশ হওয়ার পর এসব রদবদল করা হয়।

রাজনৈতিক সংবাদ বিষয়ক ওয়েবসাইট অ্যাক্সিওস নিউজ ডাবকির পদত্যাগের খবরটি প্রথম প্রকাশ করে জানায়, মে-র ১৮ তারিখে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন ডাবকি। 

হোয়াইট হাউসের উপদেষ্টা কেলিয়ান কনওয়ে জানিয়েছেন, মধ্যপ্রাচ্য ও ইউরোপ সফর থেকে প্রেসিডেন্ট ট্রাম্প ফিরে আসা পর্যন্ত পদে থাকতে রাজি হয়েছিলেন ডাবকি।

নিউজ ওয়েবসাইট পলিটিকো জানিয়েছে, ৪৭ বছর বয়সী ডাবকি তার পদত্যাগের খবর জানিয়ে বন্ধুদের করা ইমেইলে বিস্তারিত তেমন কিছু জানাননি।

ইমেইলে তিনি বলেন, “আমার পদত্যাগের কারণ ব্যক্তিগত। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনে কাজের বিষয়টি আমার জন্য খুব সম্মানের হয়ে থাকবে।”

ডাবকির জায়গায় কে দায়িত্ব নিতে যাচ্ছেন শেষ খবর পাওয়া পর্যন্ত তা জানায়নি হোয়াইট হাউস।