২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হেডস্কার্ফ ছাড়াই সৌদি আরবে মেলানিয়া

কঠোর ধর্মীয় অনুশাসনের দেশ সৌদি আরবে হেডস্কার্ফ ছাড়াই সফর করলেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2017, 10:48 PM

Updated : 11 Apr 2022, 11:37 PM

শনিবার রাজধানী রিয়াদে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফার্স্ট লেডি মেলানিয়া বিমান থেকে নেমে আসেন, তখন তার মাথায় হেডস্কার্ফ ছিল না।

এ নিয়ে বিতর্কের সুরও চড়েছে দেশটির রক্ষণশীল সমাজে। প্রশ্নের ঝড় বয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।  মাথায় তার স্কার্ফ কোথায়? মেলানিয়া প্রথা মেনেই কালো আলখেল্লার মত পোশাকে সাজলেও স্কার্ফ মাথায় দেননি।

পুরো কালো পোশাকে তার প্রায় কব্জি পর্যন্ত ঢাকা। আর পায়ের দিকটা ঢলঢলে ট্রাউজার্সের মতো। সব মিলিয়ে পুরো আলখেল্লা। গলায় মোটা শেকলের মত সোনার হার। আর কোমরে বেশ চওড়া সোনালি বেল্ট। এ পোশাকেই সৌদি আরব সফর করেছেন মেলানিয়া।

অথচ এই ট্রাম্পই এর আগে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সৌদি আরব সফরের সময় ফার্স্ট লেডি মিশেলের মাথায় স্কার্ফ না দেওয়ার সমালোচনা করেছিলেন।

ঘটনাটি বছর দুয়েক আগেরই। সৌদি বাদশাহ আবদুল্লার মৃত্যুর পর সস্ত্রীক রিয়াদে গিয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।  স্কার্ফে মাথা ঢাকেননি মিশেল ওবামা। তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশেল ওবামা-দম্পতির সমালোচনা করেছিলেন আজকের প্রেসিডেন্টই।

ভোটের লড়াইয়ে নামার তখনও ছয়মাস বাকী ছিল ট্রাম্পের। ট্রাম্প টাওয়ার থেকেই ২০১৫সালের জানুয়ারিতে তিনি টুইট করেছিলেন, ‘‘স্কার্ফ ছাড়া সৌদি আরবে গিয়ে সে দেশের মানুষকেই অপমান করেছেন ফার্স্ট লেডি ওবামা।” প্রথা-ভাঙায় শত্রুতাও বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন তিনি।

কিন্তু এবার ট্রাম্পই রিয়াদে নেমে সদর্পে ‘স্কার্ফ-হীন’ মেলানিয়াকে নিয়ে সৌদি বাদশাহের সঙ্গে হাত মিলিয়েছেন।