২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাবুলে জার্মান নারীসহ নিহত ২, অপহৃত ১

আফগানিস্তানের রাজধানী কাবুলে এক জার্মান ত্রাণ কর্মী ও এক আফগান রক্ষীকে হত্যা করে ফিনল্যান্ডের এক নারী নাগরিককে অপহরণ করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2017, 03:51 PM

Updated : 11 Apr 2022, 11:37 PM

শনিবার রাত সাড়ে ১১টায় কাবুলের একটি গেস্টহাউসে এ ঘ্টনা ঘটেছে বলে দেশটির স্বরাষ্ট মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এই তিনজন ‘অপারেশন মার্সি’ নামের এক সুইডিশ এনজিওতে কাজ করতো বলে রোববার জানিয়েছেন নাজিব দানিশ নামের ওই মুখপাত্র। 

এ ঘটনায় একটি তদন্ত শুরু হয়েছে জানালেও আর বিস্তারিত কিছু জানাননি তিনি।

ফিনিশ পররাষ্ট্র মন্ত্রণালয় আফগানিস্তানে তাদের এক নাগরিক অপহৃত হয়েছে বলে নিশ্চিত করেছে। তবে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে এ ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করেনি।

অপরদিকে পৃথক আরেকটি ঘটনায় তালেবান জঙ্গিদের হামলায় আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় একটি তল্লাশিচৌকিতে ২০ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

শনিবার জাবুল প্রদেশে তালেবানের এ চোরাগোপ্তা হামলায় আরো ১০ জন আহত হয়েছে বলে জানিয়েছেন প্রাদেশিক মুখপাত্র।