যুক্তরাজ্যে রক্ষণশীলদের জনসমর্থন কমেছে: জরিপ
যুক্তরাজ্যের আসন্ন নির্বাচন সামনে রেখে নির্বাচনী ইশতেহার প্রকাশের পর ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির সমর্থন আগের তুলনায় কমে এসেছে জনমত জরিপে।
একটি জরিপে দেখা গেছে, বিরোধী দলে থাকা লেবার পার্টির সঙ্গে প্রধানমন্ত্রী টেরিজা মের দলের জনসমর্থনের ব্যবধান কমে নয় পয়েন্টে দাঁড়িয়েছে।
গত এপ্রিলে টেরিজা মে ৮ জুন ভোটের তারিখ ঘোষণার পর এক জরিপের ফলাফলে দেখা যাচ্ছিল, কনজারভেটিভ পার্টি প্রায় ১৫০টি আসনের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে অনায়াস জয় পেতে যাচ্ছেন।
কিন্তু গত সপ্তাহে প্রধান দুই দল নির্বাচনী ইশতেহার প্রকাশের পর শনিবার করা চারটি জরিপে দেখা যায়, রক্ষণশীলরা ৪৪ থেকে ৪৬ শতাংশ ভোট পেতে পারে, লেবার পার্টি পেতে পারে ৩৩ থেকে ৩৫ শতাংশ ভোট।
ইউগভের জরিপে দেখা যায়, জনসমর্থনে লেবার পার্টির চেয়ে নয় পয়েন্টে এগিয়ে রয়েছে কনজারভেটিভ পার্টি; আগের সপ্তাহে এই ব্যবধান দ্বিগুণ ছিল।
মের দল গত সপ্তাহে যে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে, সেখানে লেবার সমর্থকদের ভোট টানতে বিভিন্ন ক্ষেত্রে সরকারের ভূমিকায় পরিবর্তন আনার কথা বলা হয়েছে।
তাছাড়া বয়স্কদের জন্য শীতকালীন জ্বালানি ভাতাও কমিয়ে আনার পরিকল্পনা রয়েছে কনজারভেটিভ পার্টির।
ইউগভের জরিপে দেখা যাচ্ছে, বয়স্কদের ক্ষেত্রে নীতি পরিবর্তনের বিরোধিতা করেছেন ৪০ শতাংশ উত্তরদাতা, সমর্থন করেছেন ৩৫ শতাংশ।
মের প্রস্তাবের সমালোচনা করে লেবার পার্টির নেতা জেরেমি করবিন বলেছেন, রক্ষণশীলদের পরিকল্পনা বয়স্ক আর তরুণদের মুখোমুখি দাঁড় করিয়ে দেবে, দুই প্রজন্মের মধ্যে লড়াই বেধে যাবে।
করবিনের দলের নির্বাচনী ইশতেহারে ডাক, রেল ও পানি সরবরাহ সেবাকে ফের রাষ্ট্রের হাতে আনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পাশাপাশি ধনীদের কর বাড়িয়ে কর্পোরেট কর কমানোর প্রতিশ্রুতি রয়েছে।
