সিরিয়ায় ইরান-সমর্থিত বাহিনীর বহরে যুক্তরাষ্ট্রের হামলা
সিরিয়ার দক্ষিণাঞ্চলে যে বাহিনীর গাড়িবহরে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী হামলা চালিয়েছে তা ইরানিদের পরিচালিত বলে ধারণা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্র-সমর্থিত সিরীয় বিদ্রোহী বাহিনীর এক সদস্য বৃহস্পতিবার জানিয়েছে, ওই বহরটিতে সিরীয় ও ইরানিদের সমর্থিত বেসামরিক বাহিনীর লোকজন ছিল, তারা আল তানফ শহরের আশপাশে যুক্তরাষ্ট্র ও যুক্তরাষ্ট্র-সমর্থিত বাহিনীগুলোর ব্যবহৃত গ্যারিসনের দিকে এগিয়ে যাচ্ছিল।
শুক্রবার পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের হামলার ধরনটি আত্মরক্ষামূলক ছিল।
ওই বহরটি একটি হুমকি ছিল, এটি যুক্তরাষ্ট্রের বিশ্বাস বলে জানিয়েছেন ম্যাটিস।
তিনি বলেন, “এটি অপরিহার্য হয়ে পড়েছিল, কারণ আক্রমণের সামর্থ্য নিয়ে তারা আক্রমণাত্মকভাবে অগ্রসর হচ্ছিল। বাহিনীটি ইরানি পরিচালিত বলে আমাদের ধারণা। তবে সেখানে ইরানি কেউ ছিল কিনা তা আমি জানি না। কিন্তু তারা ইরানের পরিচালিত বাহিনী ছিল।”
যুক্তরাষ্ট্রের এই হামলার নিন্দা করেছে ইরান ও রাশিয়া সমর্থিত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ।
এই হামলার কারণে সিরিয়ার যুদ্ধ নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা আরো বাড়তে পারে বলে ধারণা করছে পর্যবেক্ষকরা।
দামেস্ক-বাগদাদ মহাসড়কের দিকে সিরীয় সেনাবাহিনী ও ইরানিদের সমর্থিত বেসামরিক বাহিনীর অগ্রসর হওয়ার কথা জানিয়ে সতর্ক করেছিল বিদ্রোহী সূত্রগুলো। এই রুটটি একসময় ইরানি অস্ত্র সরবরাহের প্রধান পথ ছিল।
তাদের সিরিয়া থেকে ইরাকি সীমান্তের দিকে যেতে দেওয়া হবে না, এই হামলার মাধ্যমে এ বিষয়ে ইরানিদের সমর্থিত বেসামরিক বাহিনীগুলোক একটি কঠোর বার্তা দেওয়া হয়েছে বলে নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন পশ্চিমা এক গোয়েন্দা কর্মকর্তা।
